ঢাকা, মার্চ ২৪( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে মঙ্গলবার সকালে আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
তেজগাঁও থানার উপ পরিদর্শক ফরিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে প্রায় দু'শ গজ পশ্চিমে বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে সকাল সাড়ে ছয়টায় এ লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথার ডান পাশে এবং বাম চোখের নীচে যে চিহ্ন রয়েছে তা গুলির বলে ধারণা করা হচ্ছে।"
তবে কেন এবং কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
ফরিদুজ্জামান আরো জানান, নিহত ব্যক্তির বাড়ি তেজগাঁও তেজতুরি বাজার এলাকায়। সে বেকার এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/১৫২৪ ঘ.
bdnews24