ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল অনুপ কুমার চাকমাকে রাষ্ট্রদূত করা হয়েছে। নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)'র তিন পরিচালকসহ জন প্রশাসনে কর্মরত সশস্ত্র বাহিনীর সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক আদেশে এ রদবদল করা হয়।
এনএসআই'র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরীকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)'র নিবন্ধক নিয়োগের জন্য তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া এনএসআই'র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা এবং ব্রিগেডিয়ার জেনারেল তাফাদ্দেক হোসেন সেনাবাহিনীতে ফিরে যাবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের (এনআইআরএ) সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেনকে নির্বাচন কমিশনের অধীন 'কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওন্যাল সার্ভার স্টেশন ফর ইলেক্টোরাল ডাটাবেজ প্রকল্প'র পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োজিত নৌ বাহিনীর ক্যাপ্টেন সাইফুল কবিরের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি নৌবাহিনীতে ফিরে যাবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত মেজর মোহাম্মদ মাকসুদুর রহমানকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি সেনাবাহিনীতে ফিরে যাবেন। সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের মেজর আসাদ উন নবীকে দুদক'র পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৪৩৪ ঘ.
bdnews24