গোপালগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিতে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে মুকসুদপুরের লোহাইড় গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে শহিদুল ইসলাম ওরফে জাহাঙ্গীর মোল্লাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
সোমবার তাকে এক মাসের আটকাদেশের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছে আদালত।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী খান বলেন, নাশকতার উদ্দেশ্যে লোহাইড় মাদ্রাসার প্রভাষক ও উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম গত ১৯ ও ২০মার্চ শিবির কর্মীদের নিয়ে ওই গ্রামে তার শ্বশুর মুকসুদপুর উপজেলা জামাতের সাবেক আমির শায়েব আলী মৃধার বাড়িতে গোপন বৈঠক করেন।
তিনি বলেন, "নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে শহিদুল ইসলামকে রোববার রাতে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখন জানানো যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24