২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ১৫ এপ্রিলের মধ্যে আবেদন

রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারে জন্য সংশ্লিষ্টদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারে জন্য সংশ্লিষ্টদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় একথা বলা হয়েছে। এতে বলা হয়, এসব মামলা পর্যালোচনায় মন্ত্রণালয় পর্যায়ের কমিটি ছাড়াও জেলা পর্যায়ে চার সদস্যের পৃথক কমিটি গঠণ করা হয়েছে। জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার উপ-সচিব সুজায়েত উল্যা স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়, "জেলা পর্যায়ের কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদস্য হিসেবে থাকবেন জেলার পুলিশ সুপার (এসপি) ও পাবলিক প্রসিকিউটর (পিপি)। সদস্য সচিব হিসেবে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তবে মহানগর এলাকায় পুলিশ সুপারের পরিবর্তে একজন উপ-কমিশনার এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পিপি কমিটির সদস্য হবেন। মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে সভাপতি থাকবেন আইন প্রতিমন্ত্রী। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কমিটির সভাপতি করা হয়েছিল। সহ-সভাপতি ছিলেন আইন প্রতিমন্ত্রী । ছয় সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব (পুলিশ) ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার উপ-সচিব কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এসব কমিটির কর্মপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, "রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। "আবেদনের সঙ্গে মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের প্রত্যায়িত (সার্টিফাইড) কপি সংযুক্ত করতে হবে।" আবেদনপত্র গ্রহণের সাত দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট তা পিপি বা মহানগর পিপি'র কাছে পাঠাবেন। পিপি বা মহানগর পিপি আবেদনপত্রটি মতামতসহ ১৫ দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ফেরৎ পাঠাবেন। পিপি বা মহানগর পিপি'র মতামতসহ আবেদনপত্র পাওয়ার সাতদিনের মধ্যে তা জেলা কমিটির সভায় উপস্থাপন করা হবে। এতে আরো বলা হয়, আবেদনে উল্লেখ করা মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে হয়রানির জন্য দায়ের বলে প্রতীয়মান হলে জেলা কমিটির সভায় তা প্রত্যাহারের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। জেলা কমিটির অনুমোদন শেষে জেলা ম্যাজিস্ট্রেট সুপারিশসহ মামলার এজাহার ও অভিযোগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। তবে অবশ্যই আবেদনপত্র পাওয়ার ৪৫ দিনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মন্ত্রণালয় পর্যায়ের কমিটির কার্যক্রম সম্পর্কে বলা হয়, জেলা কমিটির সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্যাহারযোগ্য মামলাগুলো চিহ্নিত, তালিকা প্রস্তুত ও প্রত্যাহারের কার্যক্রম শুরু করবে। অবশ্য এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় দায়ের করা মামলাগুলো আলাদা করা হবে। এসব মামলার ব্যাপারে কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ ২৪ ডটকম /এমকে/এইচএ/২০০৮ঘ.