২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে সেনাবাহিনী

পলাতক বিডিআর সদস্যরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 08:06 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- পলাতক বিডিআর সদস্যরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনীকে মাঠে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তার কার্যালয় থেকে বেরিয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের একথা জানান। বিডিআরের পলাতক সদস্যদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরো যা যা প্রয়োজন তার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পুলিশ এবং র‌্যাব তাদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে।" পলাতক বিডিআর সদস্যদের গ্রেপ্তারে সেনাবাহিনী মাঠে থাকবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, "হ্যাঁ, সেনাবাহিনী মাঠে থাকবে। আমি এ ব্যাপারে নির্দেশ দিয়েছি। সেনাবাহিনী মাঠে থাকলে অসুবিধা তো নেই।" সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে জানতে চাইলে সাহারা খাতুন বলেন, "যত দিন না পলাতক বিডিআর সদস্যরা গ্রেপ্তার হচ্ছে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতেই তারা মাঠে থাকবে। এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি।" এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়েছে, ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ এবং অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে যেসব বিডিআর সদস্য পলাতক রয়েছে তাদের সম্পর্কে কারো কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ থানায় জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ করা হলো। বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এজে/জিএনএ/১৪০৭ ঘ.