২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"২০১১ সালে রূপপুর পরমাণু কেন্দ্রের কাজ শুরু সম্ভব "

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ ২০১১ সালের মধ্যে শুরু করে ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব বলে একজন বিশেষজ্ঞ মত দিয়েছেন। শনিবার এক গোলটেবিল বৈঠকে তিনিসহ অন্য বিশেষজ্ঞরা মত দেন, ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশকে এখনই কয়লা ও পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ ২০১১ সালের মধ্যে শুরু করে ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব বলে একজন বিশেষজ্ঞ মত দিয়েছেন। শনিবার এক গোলটেবিল বৈঠকে তিনিসহ অন্য বিশেষজ্ঞরা মত দেন, ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশকে এখনই কয়লা ও পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শনিবার ইন্সটিটিউটের তড়িৎ কৌশল বিভাগ 'বিদ্যুৎ সঙ্কট: ইস্যু ও চ্যালেঞ্জসমূহ' শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, "কোন সমস্যাই কঠিন নয়। আমাদের প্রকৌশলীরা সব সমস্যার সমাধান জানেন। জনগণকে জানাতে হবে যে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।" বিশেষ অতিথি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "আমি মনে করি না যে আমাদের গ্যাস নেই। আছে, কিন্তু সমস্যা হলো তা উত্তোলন করা। নতুন গ্যাসক্ষেত্র খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় অর্থও আমাদের নেই। তিনি বলেন, বর্তমানে আমাদের একমাত্র লক্ষ্য সেচ। বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় আমরা বিগত তত্ত্বাবধায়ক সরকারের নীতির ভিত্তিতে কমবেশি করে সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছি।" তিনি জানান, প্রধানমন্ত্রী পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যুৎ খাতের সমস্যা চিহ্নিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান। পেট্রোবাংলার পরিচালক ইউসুফ আলী তালুকদার বলেন, ১০-১৫ বছর পর আর গ্যাস থাকবে না। আমরা যদি এখন গ্যাসের ওপর ভিত্তি করে কোন সিদ্ধান্ত নেই, তা হবে আত্মঘাতী। আইইবি'র সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান বলেন, সিপিডি'র হিসাব অনুসারে গত ৭ বছরে বিদ্যুৎ ব্যবস্থাপনার কারণে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুৎ না পাওয়ার জন্য গোলযোগের ঘটনাও ঘটেছে। পরমাণু শক্তি কমিশনের পরিচালক শওকত আকবর বলেন, ২০১১ সালের মধ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এবং ২০১৫ সালে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তিনি বলেন, "এছাড়া জ্বালানির মজুদ, এর আকার এবং গ্রিড লাইনের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আমাদের ভাবতে হবে। স্থায়ী জ্বালানি সরবরাহ এবং গ্রিড লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।" জ্বালানি বিভাগের উপ পরিচালক মো. মিজানুর রহমান তার মূল প্রবন্ধে বলেন, "কয়লা, পরমাণু ও সৌর শক্তি হয়তো ভবিষ্যতে বিদ্যুতের প্রাথমিক উৎস হয়ে উঠবে। আমাদের কয়লা ও পরমাণু বিদ্যুৎ নিয়ে শুরু করা উচিৎ।" গোলটেবিল বৈঠকে বিদ্যুৎ সঙ্কট সমাধানে আগামী ৩০ দিনের মধ্যে কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকানপাট বন্ধ, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ, বিদ্যুৎচালিত হোর্ডিং, নিওন সাইন ও বিলবোর্ড বন্ধ করা। বৈঠকে বক্তব্য দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান শওকত আলী, সাবেক চেয়ারম্যান খিজির খান, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য নাজমুল হোসেন চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/কিউএইচ/টিআর/এসকে/২২২৫ঘ.