আবু নোমান সজীব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশের দমকল বাহিনীর ক্ষমতা ও সরঞ্জাম স্বল্পতার বিষয়টি আবার আলোচনায় উঠে এসেছে। শুধুমাত্র যথেষ্ট উঁচু অগ্নিনির্বাপণ মই না থাকার কারণেই একরকম চোখের সামনে কয়েকটি তলা জ্বলে যেতে দেখলেন অসহায় দমকলকর্মীরা।
দেশে বর্তমানে সিটি সেন্টারের মতো ৩৭ তলা পর্যন্ত বহুতল বাণিজ্যিক ভবন থাকলেও দমকলের হাতে রয়েছে মাত্র ১৪ তলা পর্যন্ত পানি ছেটানোর যন্ত্র। তাও আবার মাত্র একটি। কোনো কারণে দুটি স্থানে দশ তলার বেশি দুটি ভবনে একসঙ্গে আগুন লাগলে তা এই উপকরণে মোকাবেলা করা সম্ভব নয়।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ নিজেই স্বীকার করেছেন, ১৪ তলার বড় কোন ভবনে আগুন লাগলে তাদের কার্যত করার কিছুই নেই।
বিগ্রেডিয়ার শাহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার জানান, দুই বছর আগে (ফেব্র"য়ারি,২০০৭) বিএসআইসি ভবনে আগুনের পর সরকারের কাছে চারটি এরিয়া লোডার (এএল) এবং বহুতল ভবনে আটকে পড়াদের নামাতে ব্যবহৃত বিশেষ মইসহ (টিটিএল) মোট ১১টি যন্ত্র চাওয়া হয়েছিলো। কিন্তু এর মধ্যে মাত্র দুই মাস আগে ৫৫ মিটার দীর্ঘ একটি মাত্র 'স্কাই লিফট' পাওয়া গেছে। এটা দিয়ে মাত্র ১৫০ ফিট বা ১৪ তলা পর্যন্ত পানি ছিটানো সম্ভব।
এর আগ পর্যন্ত তাদের হাতে ১১ তলা পর্যন্ত আগুন নেভানোর প্রযুক্তি ছিলো।
দমকল মহাপরিচালক বলেন, "বসুন্ধরার এই অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনীর আধুনিকীকরণের প্রয়োজনীয়তা সবাই নতুন করে আবারো উপলব্ধি করেছেন। আমরা এর আগে সরকারের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতির জন্য আবেদন জানিয়েছিলাম। সেই প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে আছে। তবে সরকার চাইলে আমরা নতুন করে প্রস্তাব পাঠাবো।"
দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালক এমএ মিজানুর রহমানও জানিয়েছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সঙ্কটের কারণে একসঙ্গে দুটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা (বিশেষ করে ভূমিকম্পের সময় যা হতে পারে) ঘটলে তা সামাল দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই।
মিজানুর রহমান বলেন, "মেয়াদোত্তীর্ণ একটি টিটিএল দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। এটি ১৯৮৩ সালে আমদানি করা হয়। এতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।"
উপ-পরিচালক আরো জানান, এরিয়েল প্ল্যাটফরম ল্যাডার প্রতি স্টেশনে একটি করে থাকার কথা থাকলেও রয়েছে শুধুমাত্র রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও ঢাকায়। এছাড়া পোর্টেবল জেনারেটর, লাইটিং ইউনিট, আগুন চিহ্নিত করার যন্ত্র এবং কাটিং টুলসহ অন্যান্য সরঞ্জামও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
অগ্নিনির্বাপণের কাজে দরজা, দেয়াল বা তালা কাটার জন্য প্রয়োজনীয় লক কাটার বা হাইড্রোলিক কাটার দমকলের নেই। নেই কৃত্রিমভাবে নিঃশ্বাস নেওয়ার যন্ত্র বা মাস্ক। প্রয়োজনীয়সংখ্যক গামবুট পর্যন্ত না থাকায় যথাযথ সুরক্ষা ছাড়া কাজ করতে গিয়ে প্রতিনিয়তই পায়ের মধ্যে তাঁরকাটা ও পেরেক ঢুকে আহত হচ্ছেন কর্মীরা।
মিজানুর রহমান বলেছেন, আগুন নেভানোর যে সরঞ্জাম তাদের রয়েছে তার অধিকাংশই ২০-২৫ বছরের পুরানো। এগুলো দিয়েই কাজ চালিয়ে যেতে হচ্ছে।
বসুন্ধরা সিটির অগ্নিনির্বাপণে অংশ নেওয়া একজন কর্মকর্তা জানান, ওইদিন মোট ১৮৩ জন দমকল কর্মী কাজ করলেও তাদের মধ্যে মাত্র ৩০ জনের 'ফায়ার স্যুট' ছিল। এ বিশেষ অগ্নিনিরোধক পোশাক পরিহিত কর্মী ১২শ' ডিগ্রি তাপমাত্রার আগুনেও রক্ষা পাবেন।
দমকল বাহিনীর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কী গুরুত্ব দেওয়া হয়েছে তা একটি পরিসংখ্যানেই স্পষ্ট হবে। স্বাধীনতার পর রাজধানী ঢাকা আকারে ও জনসংখ্যায় কয়েকগুণ বাড়লেও দীর্ঘ ৩৮ বছরে শুধু একটি নতুন ফায়ার স্টেশন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্যটি জানালেন, দমকল বাহিনী সদর দপ্তরের পরিচালক (অপারেশন) মেজর শেখ মোহাম্মদ শাহজালাল নিজে।
মেজর শাহজালাল জানান, স্বাধীনতার পর ১৯৭২ সালে যাত্রা শুরুর সময় রাজধানীতে মোট ১১টি ফায়ার স্টেশন ছিল। এতদিন পর্যন্ত শুধু বারিধারায় একটি ফায়ার স্টেশন হয়েছে। এ স্টেশনগুলোতেও সরঞ্জাম বলতে কেবল একটি পানিবাহী গাড়ি ও একটি পিকআপভ্যান।
বসুন্ধরা সিটিতে অগ্নিনির্বাপনের সময় রাজধানীর সবগুলো স্টেশনের গাড়ি সেখানে উপস্থিত ছিল। কিন্তু তারা বলতে গেলে কোন কাজেই আসেনি।
তিনি আরো জানান, রাজধানীর সদরঘাট স্টেশনের কোনো নিজস্ব জায়গা পর্যন্ত নেই। প্রতিনিয়ত তাদের জায়গা বদল করতে হয়। এ কারণে নদীপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সদরঘাট স্টেশনের পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে না বলে মেজর শাহজালালের আশঙ্কা।
এ দমকল কর্মকর্তা জানান, ১৯৭২ সালের জনবল কাঠামো অনুযায়ী প্রথম শ্রেণীর স্টেশনে ৩০ জন,
bdnews24