ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেটে যৌনকর্মী ও তাদের সন্তানদের জন্য আলাদা বরাদ্দ দাবি করেছে সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক অব বাংলাদেশ।
যৌনকর্মীদের জাতীয় সম্মেলনের প্রাক্কালে রোববার সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে নেতারা এ দাবি জানান। একই সঙ্গে বিকল্প সুযোগ সৃষ্টি না করে যৌন পল্লী উচ্ছেদ ও বন্ধ না করারও দাবি জানান তারা।
সেগুনবাগিচা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার থেকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দুইদিনব্যাপী জাতীয় সম্মেলন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম সম্মেলনে প্রধান অতিথি ও কথাশিল্পী সেলিনা রহমান সম্মেলন উদ্বোধন করবেন।
আয়োজকরা জানান, সারাদেশ থেকে শতাধিক যৌনকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দাতা দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
এবারের জাতীয় সম্মেলনের প্রতিপাদ্য বিষয় 'যৌনকর্মীদের বিষয়ে উন্নয়নমূলক কার্যক্রমের সবক্ষেত্রে স্বচছতা ও জবাবদিহিতা চাই।''
লিখিত বক্তব্যে সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক অব বাংলাদেশ-এর কোষাধ্যক্ষ জয়া শিকদার ৮ দফা দাবি তুলে ধরেন।
এগুলোর মধ্যে আছে- জাতীয় বাজেটে যৌনকর্মীদের জন্য বরাদ্দ, নারী আন্দোলনে তাদের অন্তর্ভূক্তিকরণ, সামাজিক পুনর্বাসন, যৌনপল্লী উচ্ছেদ বন্ধ করা, যৌন পেশা পরিবর্তনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, তাদের সন্তানদের নীতি ও কর্মকৌশল প্রণয়ন, যৌনকর্মীদের ওপর আইনের অপপ্রয়োগ বন্ধ করা প্রভৃতি।
সংবাদ সম্মেলনে নারীনেত্রী খুশী কবীর যৌনকর্মীদের সম্পর্কে সমাজের মানসিকতা পরিবর্তনে গণমাধ্যমকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, ''তারা অবহেলিত ও নির্যাতিত। তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসা চাই।''
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. এ এস এম আতিকুর রহমান, সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক অব বাংলাদেশ-এর সভানেত্রী মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগমও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৩১৯ ঘ.
bdnews24