ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটির আগুন ধীরে ধীরে নিভতে শুরু করেছে। এই ঘটনায় আহত বসুন্ধরা গ্র"পের নিজস্ব অগ্নিনির্বাপন কর্মী বাকী বিল্লাহ বিকেলে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন কায়সার, হুমায়ুন হাশিম, লিটন হায়দার, রিয়াজুল বাশার, সায়েদুল ইসলাম তালাত ও গোলাম মর্তূজা অন্তু।
শমরিতা হাসপাতালের কাস্টমার সার্ভিসের কর্মকর্তা প্রদীপ কুমার ভৌমিক এ তথ্য জানান।
শুক্রবার দুপুরের পর বসুন্ধরা সিটিতে এ অগ্নিকাণ্ডে আহত আরও ১৪ জন এ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রদীপ কুমার জানান, এখানে চিকিৎসাধীন যারা আছেন তারা হলেন- তংকিং চাকমা, টিটু, এনায়েত, আব্দুল কাদের, আমিনুল, জিল্লুর রহমান, কাওসার, আবু তাহের, রেজাউর করিম, মোখলেসুর রহমান, সানজারুল ইসলাম, গোলাম কিবরিয়া ও দীপক।
এরা সবাই বসুন্ধরার নিজস্ব নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ কর্মী।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে। এরা হলেন- দমকল বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেন ও পাশের এক দোকানি ফরিদ হোসেন।
এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার।
ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের জানান, পুলিশ ও দমকল বাহিনীর একজন করে প্রতিনিধিও কমিটিতে আছেন।
ভবনটির ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী ও নৌবাহিনীর দুটি দল ঘটনাস্থলে গেছেন। তারা এর মধ্যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে একজনকে।
আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাছে সহযোগিতার জন্য বিকেল ৪টা ১০ মিনিটে সেনাবাহিনীর দলটি সেখানে যায়। তারা ভবনটির বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নিয়েছে।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, ভবনের ১৭ তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। অন্যসব তলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তবে ভবনের টাওয়ারের সামনের অংশের আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পেছনের অংশে এখনো আগুন জ্বলছে।
বসুন্ধরা গ্র"পের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে ভবনের ১৭ থেকে ১৯ তলা পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে। নিচ থেকে ১৩ তলা পর্যন্ত নিরাপদ আছে। আট তলা পর্যন্ত শপিং মলের দোকানের কোন ক্ষয়ক্ষতি হয়নি।"
আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীসহ সবাই চেষ্টা করছেন বলেও তিনি জানান।
জাহিদ বলেন, ভবনটির ১১ থেকে ২০ তলা পর্যন্ত প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়। এছাড়া নয় থেকে ১০ পর্যন্ত জিমনেসিয়াম রয়েছে। ২০ তলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানের কার্যালয়।
এদিকে, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ ঘটনাস্থলে গেছেন।
ভবনটির ভেতর থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা ব্যক্তি হলেন- বসুন্ধরা গ্র"পের অগ্নি নির্বাপক বিভাগের কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা।
এছাড়া এখন পর্যন্ত আগুনে আহত ১৭ জনকে বেসরকারি শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী সেনাবাহিনীর দলটির নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা আগুন নেভানো এবং আটকে পড়াদের উদ্ধারের কাজে নিয়োজিত দমকল বাহিনীকে সহযোগিতা করতে এসেছি। একইসঙ্গে এ এলাকার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিষয়টিও আমরা দেখছি। কারণ এখানে অনেক মূল্যবান সম্পত্তি রয়েছে।"
৪টার ৪৫ মিনিটের দিকে নৌবাহিনীর একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা অগ্নি নিরোধক পোশাকে সজ্জিত হয়ে ভবনটির ভেতরে ঢুকেছে।
সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট খাজা মাসুম সাংবাদিকদের বলেন, "এখন ১৪ তলা পর্যন্ত কোথাও আগুন নেই। আমরা দমকল বাহিনীর সঙ্গে ১৫ তলায় আগুন নেভানোর কাজ করছি।"
তিনি জানান, ১৪ তলা পর্যন্ত কোথাও কেউ আটকা নাই।
বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে আগুন ধরে। ধীরে ধীরে আগুন উপরের দিকে ওঠে এবং টাওয়ার হিসেবে পরিচিত কমপ্লেক্সের একদিকের ওপর অংশ পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, দমকল বাহিনীর অনুরোধে তারা এখানে এসেছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বসুন্ধরা গ্র"পের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: তৌহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছিনা। কয়েকজনকে নথিপত্র আনতে ভেতরে পাঠালেও তারা আনতে পারেনি। মূলত অফিসেই আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।"
পুলিশের আইজিপি নূর মোহাম্মদ প্রথম থেকে ঘটনাস্থলে অবস্থান করেন।
বিকেলে তিনি সাংবাদিকদের জানান, ভবনের ভেতরে তিনজন আটকা পড়েছিল তাদের হেলিকপ্টারসহ বিভিন্নভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইজিপি বলেন, "আমরা তো কারিগরি সহযোগিতা করতে পারি না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য কোনভাবে সাহায্য করতে পারি কিনা তাই দেখতে এসেছি।"
শপিং মলের বিসমিল্লাহ স্টোরের মালিক তোফায়েল আহমেদ বলেন, "দুপুর ১টা ৪০ মিনিটে ভিতরে বসে টিভিতে দেখতে পাই আগুন লেগেছে। মালামাল বের করতে দেয়নি। শপিং মলের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়।"
তার দাবি, ২১ তলায় চেয়ারম্যানের কক্ষে প্রথম আগুন ধরে। পরে তা ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর পরিচালক মেজর মতিয়ুর জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সব দমকল ইউনিটকে ঢাকায় তলব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দুপুর দেড়টায় প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে সেটা কমে গেলেও দুপুর দুটা থেকে তা ব্যাপক আকার ধারণ করে।"
মেজর মতিয়ুর আরো জানান, ভবনের ১৮ তলা থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত উপরের দিকে উঠছে। দুপুর সাড়ে তিনটার দিকে মই জোড়া লাগিয়ে পানি ছিটানোর চেষ্টা করলেও তাতে আগুন নেভানো সম্ভব হচ্ছেনা।
সোনারগাঁ হোটেল থেকে পান্থপথ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদও ঘটনাস্থলে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এসআইটি/জিএমএ/এইচএ/এফএফ/জিএনএ/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24