ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা মহানগরে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
গত বছরের মার্চের প্রথমদিকের তুলনায় এই সংখ্যা তিনগুণ বেড়েছে বলে আইসিডিডিআর'বির এক গবেষক জানিয়েছেন।
গবেষক ড. শাহাদাত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগীর চাপ সামাল দিতে আমাদের আরো দু'টি অতিরিক্ত ওয়ার্ড খুলতে হয়েছে।"
তিনি বলেন, গত বছর এই সময়ে দৈনিক দু'শ' থেকে আড়াই শ' রোগী হাসপাতালে ভর্তি হতেন। কিন্তু এখন ভর্তি হচ্ছেন সাত শ'রও বেশি।
বুধবার ৭৭০ রোগী হাসপাতালে ভর্তি হন। আর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভর্তি হয়েছেন প্রায় পাঁচ শ'।
রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু বলে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাদের বেশির ভাগই আসছেন বস্তি ও শহরের উপকণ্ঠ থেকে।
ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার মূল কারণ হিসেবে তিনি পানি ও বিদ্যুৎ সঙ্কটের কথা উল্লেখ করেন।
ড. শাহাদাত হোসেন বলেন, পানি সঙ্কটের জন্য শহরবাসী দূষিত পানি খেতে বাধ্য হচ্ছেন। এছাড়া দূষিত খাবার খেয়েও অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
প্রতিবছর গরমের সময় দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীর উপকণ্ঠে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় যার জন্য মূলত বিশুদ্ধ পানীয় জলের অভাবকেই দায়ী করা হয়।
দেশে ডায়রিয়া সাধারণত এপ্রিলের শেষের দিকে ছড়ায় জানিয়ে এ গবেষক বলেন, এবার মার্চের শুরুতেই অনেক রোগীর চিকিৎসা করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/এসকে/২১৫৭ ঘ.
bdnews24