ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ ২৪ ডটকম)- অনেক কাঠ-খড় পুড়িয়ে টোকেন পেয়েও বৃহস্পতিবার সদর দপ্তরের বাইরে অপেক্ষারত অনেক আত্মীয়-স্বজন ভেতরে থাকা বিডিআর সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি।
পিলখানার ফটকে সাক্ষাতের দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যরা বলছেন, বিডিআর সদস্যদের স্বজনরা নাম, পদ বা কর্মস্থলের ব্যাপারে সঠিক তথ্য দিতে পারছেন না বলেই তাদের প্রত্যাশিত লোককে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
সারাদিন বসে থেকেও স্বজনের দেখা না পেয়ে অনেকে কান্নাকাটি করেন ফটকে দাঁড়িয়ে।
ভেতরে থাকা সাড়ে ছয় হাজার বিডিআর জওয়ানের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাত প্রক্রিয়ার শম্বুক গতিতে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
স্বজনদের সঙ্গে সদর দপ্তরের ভেতরে থাকা বিডিআর জওয়ানদের দেখা করিয়ে দেওয়ার জন্য বুধবার আড়াই শ' জনের একটি তালিকা তৈরি করে তাদের একটি করে টোকেন দেওয়া হয়। এই তালিকার সাক্ষাত শেষ হওয়ার পর পরবর্তী তালিকা করে টোকেন দেওয়া হবে। টোকেনের নম্বর অনুযায়ী পর্যায়ক্রমে স্বজনদের ভেতরে নিয়ে গিয়ে বিডিআর সদস্যদের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিডিআর ফটকে সাক্ষাতের দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যরাই এই টোকেন দিচ্ছেন। তালিকাও প্রস্তুত করছেন তারা।
সেনা সদস্যরা জানান, বুধবার ও বৃহস্পতিবার এরকম ৩৩ জন বিডিআর জওয়ানের স্বজনকে ভেতরে নিয়ে গিয়ে দেখা করার সুযোগ দেওয়া হয়। সেনা সদস্যদের উপস্থিতিতে ফটকের একটু ভেতরে গিয়ে স্বজনরা ৫ থেকে ৭ মিনিট বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলেন।
সেনা সদস্যরা বলছেন, এই প্রক্রিয়ায় তারা ফটক থেকে কুপন পাওয়া স্বজনদের বিডিআর সদস্যদের সঙ্গে দেখা করার জন্য ভেতরে পাঠাচ্ছেন। এর আগে ভেতরে সংশ্লিষ্ট বিডিআর সদস্যকে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। কিন্তু অনেক স্বজন জওয়ানদের সৈনিক নম্বর, পদবী, কর্মস্থল ইত্যাদি তথ্য সঠিকভাবে দিতে না পারায় ওই বিডিআর সদস্যদের প্রাথমিকভাবে খুঁজে পাওয়া যায়নি। তাই তাদের সঙ্গে সাক্ষাত করানো সম্ভব হয়নি। পরে যদি ওই বিডিআর সদস্যদের খুঁজে পাওয়া যায় তবে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হবে।
ফটকে কর্মরত সেনা সদস্যরা জানান, বৃহস্পতিবার ৬০ জনকে সুযোগ দেওয়া হলেও ২১ জন স্বজন ভেতরে গিয়ে বিডিআর জওয়ানদের সঙ্গে দেখা করতে পেরেছেন। বাকী ৩৯ জন ফিরে গেছেন। কারণ স্বজনদের সরবরাহ করা তথ্য সঠিক না হওয়ায় তাদের প্রত্যাশিত জনকে পাওয়া যায়নি। পরে তাদের প্রত্যাশিত ব্যক্তিকে পাওয়া গেলে দেখা করানোর ব্যবস্থা করা হবে।
বিডিআর ছেলের সঙ্গে দেখা করার জন্য পুত্রবধূসহ বৃহস্পতিবার সকাল থেকেই সদর দপ্তরে ফটকে বসে ছিলেন মা মিনারা বেগম। তিনি জানালেন, তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি বলে তারা দেখা করতে পারেননি।
কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বলেন, "হ্যারা (সেনারা) তো কইলো আছে ভিতরে, আইজ খুঁইজা পায়নি। কাইল আবার আইতে কইলো। কি জানি কি হইলো আমার সোনার। আমার মনে তো কু ডাকে। বউডা তো খালি কানতাছে।"
এদিকে দু'দিনে ৩৩ জনের সঙ্গে সাক্ষাত হলে সাড়ে ৬ হাজার বিডিআর সদস্যের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাত করতে কতোদিন লাগবে এ হিসাব কষতে বসেছেন অনেকেই। ফটকের সামনে গোল হয়ে দাঁড়িয়ে এরকম হিসাব কষে দীর্ঘশ্বাস ফেলতে দেখা যায় বেশ কয়েকজনকে। সাক্ষাতের সম্ভাবনা রয়েছে শুনে অনেকেই এসেছেন অনেক দূর থেকে। সাক্ষাতের আশায় বসে থাকবেন না বাড়ি ফিরে যাবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন কেউ কেউ।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/টিআর/এসকে/২২১৬ ঘ.
bdnews24