ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত করবে না স্কটল্যান্ড ইয়ার্ডের সফররত চার সদস্য। বরং তারা ওই ঘটনার তদন্ত কিভাবে করা যায় সে ব্যাপারে স্থানীয় তদন্তকারীদের পরামর্শ দেবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স। (আরো তথ্যসহ)
বুধবার বিকেলে গুলশানের লেক শোর হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
স্টিফেন ইভান্স বলেন, "যুক্তরাজ্য এই ধরনের বড় ঘটনার তদন্ত কিভাবে করবে সে সম্পর্কে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে পরামর্শ দিতে এসেছে এই দলটি।"
তিনি আরো বলেন, "তারা এখানে অপরাধের রহস্য উদঘাটন করতে আসেননি। সেই কাজটি করার দায়িত্ব বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপরেই বর্তায়।"
স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের এই প্রতিনিধিদল বুধবার সকালে ঢাকা এসে পৌঁছায়।
বিট্রিশ হাই কমিশনার বলেন, "সফররত দলটি ইতোমধ্যেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে দেখা করেছে।"
তিনি জানান, এছাড়াও স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা এফবিআই'র অগ্রবর্তী দলটির সঙ্গে সাক্ষাৎ করবে।
স্কটল্যান্ড ইয়ার্ডের এই দলটি শনিবার ঢাকা ত্যাগ করবে বলে জানান ব্রিটিশ হাই কমিশনার।
গত রোববার এফবিআই'র দুই সদস্যের একটি 'অগ্রবর্তী দল' ঢাকা আসে।
স্কটল্যান্ড ইয়ার্ডের দলটি ইতোমধ্যেই বিডিআর সদর দপ্তর পরিদর্শন করেছেন। বুধবার তারা ঝিগাতলার গেট দিয়ে ভিতরে পরিদর্শনে যান এবং নিউ মার্কেটের গেটটি দিয়ে বেরিয়ে যান।
সিআইডির এএসপি ফজলুল কবির বুধবার বিডিআর গেটে সাংবাদিকদের জানান, স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের দলটি দুপুরে পিলখানার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। তবে তাদের পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএমএ/কিউএইচ/এইচএ/২৩২০ঘ.
bdnews24