ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় লালবাগ থানায় দায়ের হওয়া মামলায় বিডিআরের ডিএডি তৌহিদুল আলমসহ ছয়জনকে আরো ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিএডি তৌহিদুল আলম, ডিএডি আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক ফিরোজ আহম্মেদ, সিপাহি জাকির হোসেনকে ৭ দিনের রিমান্ড শেষে এবং বাবুর্চি আমিরুল ইসলামকে ৫ দিনের রিমান্ড শেষে বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট মুখ্য মাহনগর হাকিমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানির সময় আসামিদের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন অ্যাভোকেট হেলাল উদ্দিন এবং মো. আফানুর রহমান রুবেল।
শুনানির সময় তারা বলেন, আজকের এই রিমান্ড আবেদন আইন অনুযায়ী করা হয়নি। রিমান্ড চাইতে গেলে 'কেইস ডকেট' আদালতে উপস্থাপন করতে হয়। কিন্তু তদন্ত কর্মকর্তা তা উপস্থাপন করেননি। সে কারণে এই রিমান্ডের আবেদনের শুনানির জন্য অপর একটি তারিখ ধার্য্য করা হোক।
রিমান্ড আবেদনে বলা হয়, এইসব আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শনাক্ত করা ও অপর আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। আসামিরা বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদ এবং সেনাবাহিনীর বহু ক্যাপ্টেন-মেজরসহ অর্ধশতাধিক কর্মকর্তাকে হত্যার পাশাপাশি অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
রিমান্ড আবেদনে আরো বলা হয়, তারা এতো বেপরোয়া যে তাদের হাত থেকে সেনাবাহিনীর কেউই রক্ষা পায়নি। তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের শনাক্ত করা, তাদেরকে গ্রেপ্তার এবং আরো লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আসামিদের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হোক।
এ ছয়জনকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানানো হয় রিমান্ড আবেদনে।
রিমান্ডের এই আবেদনটি আদালতে শুনানি করেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী এবং সংশ্লিষ্ট পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাসুর রহমান।
আসামির আইনজীবীরা আরো বলেন, আদালতের উচিত আগে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা সুস্থ কিনা তা নিশ্চিত হওয়া। বিষয়টি নিশ্চিত না হলে এই রিমান্ড শুনানির কোনো অর্থ নেই। তা হবে মানবাধিকার লঙ্ঘন। রিমান্ড আবেদনে কার কাছ থেকে কী কী লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে, সেসম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। রিমান্ডে যাওয়ার জন্য শারিরীকভাবে তারা সক্ষম নন।
এ বক্তব্যের উত্তরে রাষ্ট্রপক্ষে ওই পুলিশ কর্মকর্তারা বলেন, আসামিরা আমাদের জিম্মায়ই আছেন। তাদেরকে নির্যাতন করা হয়নি। নির্যাতনের চিহ্নও তাদের শরীরে নেই।
মহানগর হাকিম মোহাম্মদ আব্দুর রহিম শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ মার্চ ডিএডি তৌহিদসহ বিডিআরের পাঁচ সদস্যকে ৭ দিন এবং ৬ মার্চ বিডিআরের বাবুর্চি আমিরুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এইচএ/১৮৩০ঘ.
bdnews24