ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনার তদন্ত কাজে সহায়তা করতে এফবিআই এর দ্বিতীয় দলটি শিগগির ঢাকা আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদের সঙ্গে সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মরিয়ার্টি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর দুই সদস্যের একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করেছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এ জন্যই এফবিআই সহায়তার জন্য ঢাকায় এসেছে। আমরা আশা করি, একটি স্বচ্ছ তদন্ত হবে, যাতে দেশের মানুষের আস্থা থাকে।"
পিলখানা হত্যাযজ্ঞের বিষয়ে যুক্তরাষ্ট্রের সহানুভূতি জানাতেই মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান মরিয়ার্টি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "খুব শিগগির এফবিআই এর আরেকটি টিম আসছে।"
এফবিআই এর পরবর্তী টিমটি যাতে দ্রুত বাংলাদেশে আসে সে জন্য ওয়াশিংটনে অনুরোধ করবেন বলেও জানান মরিয়ার্টি।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সহানুভূতি জানাতেই রাষ্ট্রদূত সচিবালয়ে এসেছেন। একটি জটিল অবস্থাকে সমাধানের পথে নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।"
তিনি আরো বলেন, "দেশের মানুষ ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট প্রভৃতি হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষায় রয়েছে। পিলখানার তদন্ত যাতে সুষ্ঠু হয়, মানুষ যাতে আশ্বস্ত হতে পারে সে জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।"
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সিআইডির তদন্ত টিমকে এফবিআই কীভাবে ও কী সহযোগিতা করবে এবং কীভাবে তদন্তে সমন্বয় করা হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এর আগে বেলা দেড়টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমরা সেনাবাহিনীর ট্যালেন্টেড অফিসারদের হারিয়েছি। এই ঘটনার সঠিক ও সুষ্ঠু বিচারের জন্য আমরা এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা চেয়েছি। এরা দেশের তদন্তকারী দলকে সহয়তা করার জন্য এসেছে।"
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ র্যাব, পুলিশ ও এনএসআই'র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/জিএনএ/১৭৩৯ ঘ.
bdnews24