চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় সিইউএফএল এর তৎকালীন পাঁচ কর্মকর্তাকে মঙ্গলবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে একজন নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানোর দাবি করলেও তারা তা অস্বীকার করেছেন।
চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুবিন হোসেন খানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তাকে আগের দিন জিজ্ঞাসাবাদ করা চার উর্ধ্বতন কর্মকর্তার মুখোমুখি করা হয় বলে তিনি জানান।
সোমবার সিইউএফএল এর তৎকালীন মহাব্যবস্থাপক মোহসিন তালুকদার, ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, ব্যবস্থাপক (মার্কেটিং) সরওয়ার কামাল ও নিরাপত্তা কর্মকর্তা জয়নাল আবেদীনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মনিরুজ্জামান চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে কর্মকর্তারা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। তাদের কারো বক্তব্য ও তথ্যের মধ্যে মিল নেই। প্রয়োজনে তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদে মুবিন হোসেন খান বলেছেন, সিইউএফএল জেটিতে অস্ত্র খালাসের বিষয়টি জানতে পেরে তিনি প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের তা জানিয়েছিলেন। তবে তারা (উর্ধ্বতন কর্মকর্তারা) এ বিষয়ে তাকে কোন দিক নির্দেশনা না দেওয়ায় তিনি কোন পদক্ষেপ নিতে পারেননি।
তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তবে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সিইউএফএল'র ব্যবস্থাপনা পরিচালকসহ উর্দ্ধতন চার কর্মকর্তা তা অস্বীকার করেছেন।
তিনি জানান, সিইউএফএল'র এই পাঁচ কর্মকর্তা ছাড়াও মঙ্গলবার রাতে অস্ত্র খালাসের সময় উপস্থিত কর্ণফুলী এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আলাউদ্দিনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে মামলার সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ ও উপকুল রক্ষী বাহিনীর কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে উপকূল রক্ষী বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হলেও তারা এখনও কোন সাড়া দেয়নি বলে তদন্ত কর্মকর্তা জানান।
আলোচিত এ মামলার গ্রেপ্তার প্রধান দুই আসামি ও অস্ত্র খালাসের দায়িত্ব পালনকারী হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর সিআইডি কর্মকর্তারা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিকভাবে ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০০৪ সালের ১ এপ্রিল কর্ণফুলী নদীর তীরে সিইউএফএল জেটিতে দু'টি ট্রলার থেকে খালাসের সময় প্রায় দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএনএস/টিআর/২১৩৪ ঘ.
bdnews24