গাইবান্ধা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর গ্রামে আব্বাস উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বিকেলে প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে আহত আব্বাসকে প্রথমে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করার পর সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
এছাড়া প্রতিপক্ষের লোকজন আব্বাসের ভাইয়ের বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে তিনটি বসতঘর পুড়ে গেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ বলেন, রোববার বিকেলে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে আব্বাসের ভাই মোহাম্মদ আলীর সঙ্গে পার্শ্ববর্তী আরজি ছান্দিয়াপুর গ্রামের আলমগীর হোসেনের ঝগড়া বাধে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মোহাম্মদ আলীকে ধাওয়া করেন আলমগীর। তাকে ধরতে না পেরে তার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে শাসান আলমগীর।
ওই বাড়ির লোকজন আলমগীরকে ধাওয়া করলে তিনি সরে পড়েন। এর জের ধরে সন্ধ্যায় আলমগীর আবার লোকজন ও লাঠিসোটা নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে চড়াও হন। তাকে না পেয়ে তার ভাতিজা বাদশা মিয়া ও তালেব মিয়ার তিনটি ঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় তারা। এতে ঘর তিনটি পুড়ে যায়।
তাণ্ডব চালিয়ে ফেরার সময় বাড়ির অদুরে আব্বাস আলীকে দেখতে পেয়ে তাকে বেধড়ক পেটায় তারা। আব্বাস সাদুল্যাপুর সদর থেকে বাড়ি ফিরছিলেন।
এ ঘটনায় নিহত আব্বাসের ছেলে ইউনুস আলী সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরজি ছান্দিয়াপুর গ্রামের আলমগীর হোসেন, নুরুল ইসলাম, রেজওয়ান, দুলা মিয়া ও ফিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
সাদুল্যাপুর থানার ওসি অসিত কুমার ঘোষ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24