ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বার কাউন্সিলের সদস্য শফিক আহমেদ আইনমন্ত্রী নিযুক্ত হওয়ায় তার 'শুন্যপদে' সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ বি এম নুরুল ইসলামকে কেন সদস্য ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে একটি আদেশ দিয়েছে হাইকোর্ট।
পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে আদেশের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ বি এম নুরুল ইসলামের দায়ের করা রিট আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এই আদেশ দেয়।
শুনানিতে এ বি এম নুরুল ইসলাম বলেন, "বর্তমান আইনমন্ত্রী শফিক আহমেদ বার কাউন্সিলের সদস্যপদে নির্বাচিত হয়ে এর ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তিনি আইনমন্ত্রী হওয়ার পর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়লেও সদস্যপদ ছাড়েননি।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, "আইনমন্ত্রী শফিক আহমেদ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন। তিনি বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সদস্য থেকেই তিনি এর ভাইস চেয়ারম্যান হয়েছেন। তাই ভাইস চেয়ারম্যানের পদ ছাড়ার অর্থই হলো তিনি সদস্যপদও ছেড়ে দিয়েছেন।"
গত ৫ মার্চ বাংলাদেশ বার কউন্সিলের সদস্য পদের দাবিতে এ বি এম নুরুল ইসলাম হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, নুরুল ইসলাম বার কাউন্সিল নির্বাচনে অস্টম হয়েছিলেন। আইনমন্ত্রী বার কাউন্সিল আইন অনুযায়ী এর সদস্যপদ ছেড়ে দিলে নুরুল ইসলাম সদস্য হতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৫৫৪ঘ.
bdnews24