চট্টগ্রাম, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামে রাতদিন ২৪ ঘন্টায় প্রায় ১২ ঘন্টা বিদুৎ থাকছে না। তাই বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শতভাগ রপ্তানিযোগ্য তৈরি পোশাক কারখানাকে টিকিয়ে রাখার জন্য অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে রোববার সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে সমিতি।
স্মারকলিপিতে বলা হয়, চট্টগামে প্রায় ১২ ঘন্টা বিদ্যুত না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি পোশাক কারখানাগুলো। অনেক কারখানা বন্ধ হওয়ার মুখে পড়েছে।
স্মারকলিপিতে তারা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ অন্তত চার ঘন্টা বাড়ানো এবং প্রত্যেক এলাকায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করার মধ্য দিয়ে সংকট নিরসনের দাবি জানান।
বিজিএমইএ এর চট্টগ্রাম শাখার নেতারা সেখানকার পিডিবি প্রধান প্রকৌশলীর কাছে দুপুরে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপি নিয়ে প্রধান প্রকৌশলী তুলসী দাস সাহা বলেন, বিদ্যুৎ সঙ্কট এখন জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। দ্রুততম সময়ে পরিস্থিতির উন্নতিরও কোন সম্ভাবনা নেই।
তিনি বলেন, যে পরিমান বিদ্যুৎ পাওয়া যাচ্ছে তা অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট প্র্রতিষ্ঠান ও বিশেষ এলাকায় সরবরাহ করা হচ্ছ্।ে বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে ইরি-বোরোর জন্য গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবারহ বাড়িয়ে শহরাঞ্চলে কম সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা সাড়ে পাঁচ শ' মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে গড়ে আড়াই শ' মেগাওয়াট। এজন্য বিদ্যুৎ ব্যবস্থাপনা করেও পুরো নগরীতে বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খেতে হয়। জাতীয় গ্রিড থেকে বেশি বিদ্যুৎ পাওয়া না গেলে এ অবস্থার উন্নতি হবে না বলে তিনি জানান।
বিজিএমইএ'র নব নির্বাচিত পরিচালক নাসির উদ্দিন চৌধুরী ও হাসানুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক এরশাদ উল্ল্যাহসহ বেশ কয়েকজন কারখানা মালিক নগরীতে বিদ্যুত সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনার ধরাবাধা সময়সূচী না থাকায় গণহারে জেনারেটর নষ্ট হচ্ছে। তারা পরিকল্পিতভাবে বিদ্যুৎ ব্যবস্থাপনা করে চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানান।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে জেনারেটর কিনতে সুদমুক্ত ঋণ, প্রতিলিটার ডিজেলে ৩০টাকা ভর্তুকি, গার্মেন্টস এলাকায় ট্রান্সফরমার নষ্ট হলে জরুরী ভিত্তিতে তা মেরামত, চট্টগ্রামে জরুরী ভিত্তিতে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিকল বিদ্যুৎ কেন্দ্র সচল, পোশাক শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশনের পাঁচ লাখ টাকা বাৎসরিক লাইসেন্স ফি আদায় বন্ধ এবং চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন পোশাক শিল্প কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২২১৩ঘ.
bdnews24