ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - নারায়ণ চন্দ্র মন্ডল নামের এক ব্যক্তির লাশ তার নিজ ঘর থেকে শনিবার উদ্ধার করা হয়েছে। শিশু অপহরণের দায়ে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচজনকে গেপ্তার করা হয়েছে।
তারা হলো আলাউদ্দিন (২৪), জনি (২৩), আনোয়ার (১৮), কামরুল (৩৫) এবং মানিক (৩৫)। শুক্রবার এবং শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাতে নারায়ণকে গ্রেপ্তার করার জন্য তার শিকারিতলার বাসায় অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে ভোরে স্থানীয় লোকজন থানায় এসে জানান নারায়ণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
তিনি জানান, মানিকের মায়ের কাছ থেকে মুক্তিপণের ১ লাখ এবং তার ঘরের ভেতর লুকিয়ে রাখা আরো ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আসাদুজ্জামান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে নারায়ণই গলা টিপে অনামিকা ঘোষ নামের ৯ বছরের শিশুটিকে হত্যা করে। অন্যরা তাকে সহায়তা করেছে।
কেরাণীগঞ্জের শিকারিতোলার সুধারাম ঘোষের কন্যা প্যাসিফিক কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেণীর ছাত্রী অনামিকাকে ২৬ ফেব্র"য়ারি অপহরণ করা হয়।
অপহরণকারীরা ৮ লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরদিনই সুধারাম ঘোষ সন্তানের মেয়ের জীবণ রক্ষায় কাউকে কিছু না বলে অপহরণকারীদের ২ লাখ ১০ হাজার টাকা দেয়।
কিন্তু তারপরও সন্তানের কোন খোঁজ না পাওয়ায় তিনি ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ শিশু অপহরণের খবরটি আশপাশের সব থানায় জানিয়ে দেয়। ১ মার্চ শিবালয় থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এরই মধ্যে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে এর বেশি তিনি কিছু বলেননি।
বিডিনিউজ ২৪ ডটকম /এলএইচ/টিআর/২০১২ ঘ.
্
bdnews24