২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ ভবনে ফাইল নামানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনের কাগজপত্র সরানোর চেষ্টা ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

চট্টগ্রাম, মার্চ ০৫(বিডিনিউজ ২৪ ডটকম)--চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনের কাগজপত্র সরানোর চেষ্টা ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিডিএ'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ মোহাম্মদ জসিম উদ্দীনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিডিএ'র উপ-সচিব অমল গুহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজও শুরু করেছে বলে তিনি জানান। বুধবার রাতে সিডিএ ভবনের চতুর্থ তলা থেকে কিছু নির্মাণ শ্রমিক আটটি বস্তা ভর্তি ফাইল ও অন্যান্য কাগজপত্র নিচে নামানোর সময় উপস্থিত লোকজন দেখে ফেলে এবং তা উদ্ধার করে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সিডিএ'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস, উপ সচিব অমল গুহ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম, নিরাপত্তা কর্মকর্তা জাকির হোসেন ও ভূমি অফিসার মো. আলমগীর। সিডিএ'র উপ-সচিব অমল গুহ বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যায় চতুর্থ তলায় সংস্কার কাজ চলছিল। শ্রমিকরা পাশের স্টোর রুম থেকে বস্তাবন্দি বেশ কিছু কাগজপত্র 'না বুঝে' নিচে নামিয়ে ফেলে। নিচে থাকা দারোয়ান তা দেখে উর্ধতন কর্তৃপক্ষকে জানায়। কোন গুরুত্বপূর্ণ দলিল সরানোর উদ্দেশ্যে এটি করা হয়নি দাবি করে উপ-সচিব বলেন, শ্রমিকরা না বুঝে কাগজগুলো নিচে নামায়। এতে গুরুত্বপূর্ণ কোন নথিপত্র ছিল না বা প্রাথমিকভাবে কোন কাগজপত্র খোয়া যায়নি বলে তিনি জানান। এ বিষয়টি কোতোয়ালী থানায় লিখিতভাবে জানানো হলেও কোন মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১০৮ঘ.