২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম আদালত সক্রিয় করতে ইউএনডিপি'র সঙ্গে চুক্তি

বাংলাদেশের বিচার ব্যবস্থা তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ' নামের একটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও জাতিসংঘের উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশের বিচার ব্যবস্থা তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ' নামের একটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও জাতিসংঘের উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি হয়েছে। বুধবার ইউএনডিপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশ সরকার, ইউরোপীয় কমিশন এবং ইউএনডিপি'র যৌথ অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। এর আওতায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য সুবিচারের ব্যবস্থা এবং মানবাধিকার সংরক্ষণে সহায়তা দেওয়া হবে। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এর মধ্যে বাংলাদেশ সরকার ব্যয় করবে ৭৩ হাজার মার্কিন ডলার। এছাড়া ইউরোপীয় কমিশন ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং ইউএনডিপি ১৩ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে। প্রাথমিক পর্যায়ে দেশের ৫০০টি নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করার ব্যবস্থা করা হবে। বাংলাদেশে ইউএনডিপি'র ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি রবার্ট জুকাম বলেন, "আমি বিশ্বাস করি এই প্রকল্পটি তৃণমূল পর্যায়ের মানুষদের বিচার ব্যবস্থায় সহজ প্রবেশ ও ন্যায় বিচার পেতে উল্লেখযোগ্য সাহায্য করবে। এটি বিভিন্ন ব্যাপারে পক্ষগুলোর মধ্যে শান্তিপূর্ণ সমাধান আনবে এবং স্থানীয় উন্নয়ন ও মানুষের দৈনন্দিন জীবনেরও উন্নয়ন ঘটাবে।" ইউরোপীয় কমিশন মিশনের ভারপ্রাপ্ত প্রধান চার্লস উইট্লি বলেন, "বাংলাদেশের গ্রাম পর্যায়ের নাগরিকদের দ্রুত, কার্যকর ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সরকার ও ইউএনডিপি'র সঙ্গে ইউরোপীয় কমিশন যৌথভাবে কাজ করছে বলে আমি আনন্দিত। সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের উপযুক্ত আদালতে প্রবেশাধিকার খুবই প্রয়োজনীয় একটি বিষয়।" বিডিনিউট ২৪ ডটকম/এমআরএফ/কিউএইচ/এএল/এসকে/২২২৯ঘ.