ঢাকা, ০৪ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রেক্ষাপটে নতুন বাজেটে শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
২০০৯-১০ অর্থ বছরের বাজেটেকে সামনে রেখে এনবিআর বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
এনবিআর প্রধান বলেন, "বিশ্বমন্দার কারণে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয় কমতে পারে। উন্নত দেশেগুলোতে কর্মসংস্থান কমতে পারে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের স্থানীয় শিল্পের বিকাশ ঘটাতে হবে; নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের ব্যবসা বাণিজ্য যাতে স্বাভাবিক গতিতে চলে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে রাজস্ব আদায় বাড়বে না।"
এসব বিবেচনায় স্থানীয় শিল্পের বিকাশের জন্য আগামী বাজেটে শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করা হবে বলে জানান আবদুল মজিদ।
আলোচনায় অন্যান্যের মধ্যে স্কয়ার গ্র"পের কর্ণধার স্যামসন এইচ চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সত্ত্বাধিকারী আবদুল মোক্তাদির, এফবিসিসিআই পরিচালক আবদুল হক, এনবিআর সদস্য পারসা বেগম, আবদুল মান্নান পাটোয়ারী বক্তব্য রাখেন।
স্যামসন এইচ চৌধুরী বলেন, "মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে এনবিআর ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি করতে হবে। বড় বড় কোম্পানিগুলো যেন কর ফাঁকি দিতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"
নমুনা (স্যাম্পল) হিসেবে ব্যবহত ওষুধের উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "আমাদের প্রতিটি ওষুধ কোম্পানির মোট উৎপাদনের ৫ থেকে ৭ শতাংশ 'স্যাম্পল' হিসেবে ব্যবহার করতে হয়। তাই এই নমুনা (স্যাম্পল) ওষুধের উপর যে ভ্যাট আরোপিত রয়েছে তা প্রত্যাহার করা উচিত।"
ওষুধ কোম্পানির যন্ত্রপাতি আমদানির সময় শুল্কায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা দূর এবং হয়রানি বন্ধের দাবি জানান আবদুল মোক্তাদির।
বিডিনিউজ ২৪ ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২১১৯ঘ.
bdnews24