২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে গ্রেনেড উদ্ধার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি টয়লেট থেকে বুধবার দুপুরে দু'টি তাজা গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

রংপুর, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি টয়লেট থেকে বুধবার দুপুরে দু'টি তাজা গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এরপর আরও গ্রেনেড থাকার সন্দেহে পুলিশ ও র‌্যাব পুরো হাসপাতাল এলাকায় তল্লাশি চালায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, হাসপাতালের বহির্বিভাগের একটি টয়লেট থেকে নীল পলিথিনে মোড়া দু'টি তাজা গ্রেনেড উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি বলেন, "উদ্ধার করা গ্রেনেডের গায়ে 'গ্রিন-৮৪-বিডি' লেখা রয়েছে। নিচে লেখা রয়েছে 'বিওএফ'। বিওএফ মানে-বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি।" রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদার রহমান বলেন, "ওয়ার্ড মাস্টার সাইফুল ইসলামের কাছে হাসপাতালের টয়লেটে একটি নীল পলিথিনে মোড়া বন্তু পড়ে আছে শুনে পুলিশকে খবর দিই। পুলিশ এসে সেখান থেকে দু'টি তাজা গ্রেনেড উদ্ধার করে।" রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাঈদ হাসান তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রেনেডগুলো পুলিশের হেফাজতে আছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/১৯৫৭ ঘ.