২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান্নার পর হাসি

বিডিআর সদর দপ্তরের পাশে দাঁড়িয়ে সকাল থেকেই কাঁদছিল নুরুন্নাহার। একে-ওকে ধরছিল যাতে কেউ একজন তার সার্টিফিকেটগুলো এনে দেন। না হলে পাঁচ তারিখে ভর্তি হওয়ার শেষ দিনে সে ইডেন কলেজে ভর্তি হতে পারবে না। হয়তো নষ্টই হয়ে যাবে একটি বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর সদর দপ্তরের পাশে দাঁড়িয়ে সকাল থেকেই কাঁদছিল নুরুন্নাহার। একে-ওকে ধরছিল যাতে কেউ একজন তার সার্টিফিকেটগুলো এনে দেন। না হলে পাঁচ তারিখে ভর্তি হওয়ার শেষ দিনে সে ইডেন কলেজে ভর্তি হতে পারবে না। হয়তো নষ্টই হয়ে যাবে একটি বছর। কিন্তু হয়নি। মেয়েটি তার সার্টিফিকেট ফিরে পেয়েছে একজন মেজরের কল্যাণে। তিনিই তাকে সার্টিফিকেট সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। এরপর শান্ত হয়ে বাড়ি ফিরে যায় মেয়েটি। বিডিআরে সিপাহীদের তাণ্ডব শেষ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তার বাবা বেসামরিক কর্মী টেইলার মাস্টার নুরুল হকের সঙ্গে সরকারি বাসা থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। সার্টিফিকেট সঙ্গে আনার বিষয়টি তখন তারা মাথাতেই ছিল না। এরপর সদরদপ্তরের দায়িত্ব পুলিশ ও সেনাবাহিনী বুঝে নেয়। সরকারি ঘোষণার পর নুরুল হক রিপোর্ট করার জন্য লাইনে দাঁড়ান। মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি। এদিকে অনার্স প্রথম বর্ষে সুযোগ পেয়েও ভর্তি হওয়া আটকে যাচ্ছে নুরুন্নাহারের। কারণ তার কাগজপত্র সব বাসাতেই রয়ে গেছে। নুরুন্নাহার কাঁদতে কাঁদতে বলে, কাগজগুলো হাতে না পেলে এ বছর আর ভর্তি হওয়া সম্ভব হবে না। গেটের সৈনিকদের কাছে বারবার ধর্ণা দিচ্ছিল সে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সৈনিকরা বারবার তাকে একই কথা বলছিলেন, আলামত নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বাসায় প্রবেশর ওপর নিষেধাজ্ঞা আছে। গেটের কাছে দাঁড়িয়ে কাঁদতে দেখে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে। তারা মেজর আউয়ালকে পুরো বিষয়টি জানান। গুরুত্ব ও মানবিকতার কারণে সঙ্গে সঙ্গে তিনি গেটে ছুটে যান ভেতরে। এরপরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মেয়েটিকে সঙ্গে নিয়ে ভেতরে যান এবং কাগজপত্রগুলো সংগ্রহ করার ব্যবস্থা করে দেন। আউয়াল বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "শত ব্যস্ততা ও বিষাদের মাধ্যেও, আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আমি চাইনি সার্টিফিকেটগুলো আটকে থাকার জন্যে মেয়েটির একটি বছর নষ্ট হয়ে যাক।" বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/টিআর/০০০৭ ঘ.