ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম)-- স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার টেলিফোন ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি আফজাল গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসায় যান। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব বাথরুমে গেলে আফজাল সুযোগ বুঝে বাসার ফোন থেকে গলাচিপা উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদকে ফোন করেন। আফজাল উপজেলা চেয়ারম্যানকে জনৈক হাসিনা বেগমের জমিজমা সংক্রান্ত বিরোধের সালিশে তার পক্ষে রায় দেওয়ার জন্য হুমকি দেন। চেয়ারম্যান হারুন অর রশীদ স্থানীয় থানার মাধ্যমে নিশ্চিত হন যে টেলিফোন নম্বরটি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ অভিযোগের ব্যাপারে নিশ্চিত হয়।
এরপর সোমবার রমনা থানা পুলিশ আফজালকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রমনা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/টিআর/এসকে/২২৫৮ঘ.
bdnews24