২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি হারালেন তথ্য সচিব আবু করিম

বঙ্গবন্ধু ও তার পরিবারকে হেয় করে কবিতা লেখার অভিযোগে মানহানি মামলার সম্মুখীন তথ্য সচিব আ ত ম ফজলুল করিমকে (আবু করিম) অবসর দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু ও তার পরিবারকে হেয় করে কবিতা লেখার অভিযোগে মানহানি মামলার সম্মুখীন তথ্য সচিব আ ত ম ফজলুল করিমকে (আবু করিম) অবসর দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এর মধ্য দিয়ে কবি মহলে আবু করিম নামে পরিচিত এ আমলার চাকরি জীবনের অবসান ঘটে। মাত্র কয়েক সপ্তাহ আগে তথ্য সচিব হিসাবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এই সরকার ক্ষমতায় আসার পর কোনো শীর্ষ সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার ঘটনা এটিই প্রথম। আদেশে বলা হয়, "চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরে পাঠানো হলো।" গত ১৯ জানুয়ারি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব থেকে থেকে আ ত ম ফজলুল করিমকে তথ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। বঙ্গবন্ধুকে 'আলু বোখরা' উপাধি দিয়ে কবিতা লেখার অভিযোগ এনে তথ্যসচিবের বিরুদ্ধে রোববার মানহানির মামলা করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মাওলানা মো. ইলিয়াস হোসেন বিন হেলালী। আলু বোখারা একটি সুস্বাদু আফগান ফলের নাম। আতম ফজলুল করিম ইচ্ছে করলে তার এই বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। জোট সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের বিষয়টি বিবেচনার জন্য গঠিত রিভিউ কমিটির বৈঠক শেষে সোমবার বিকেলে কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা বলেন। আলাউদ্দিন আহমেদ বলেন, "যদিও এটি একটি ভিন্নধর্মী ঘটনা। কিন্তু ভিন্ন কারণে তাকে অবসর দেওয়া হয়েছে। এ ধরণের ঘটনা খুবই কম ঘটেছে। আর এ সরকারের সময় এটিই প্রথম।" এ পর্যন্ত যে রদবদল ঘটেছে তাকেও গণবদলী বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/১৮৫১ঘ.