২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় চোরাকারবারী-বিডিআর সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০

অবৈধভাবে ভারত থেকে আনা ডিম উদ্ধারের ঘটনায় বগুড়া সান্তাহার রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার দুপুরে চোরাকারবারীদের সঙ্গে বাংলাদেশ রাইফেলস- বিডিআর জওয়ানদের সংঘর্ষে তিন সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

বগুড়া, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে ভারত থেকে আনা ডিম উদ্ধারের ঘটনায় বগুড়া সান্তাহার রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার দুপুরে চোরাকারবারীদের সঙ্গে বাংলাদেশ রাইফেলস- বিডিআর জওয়ানদের সংঘর্ষে তিন সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ট্রেনে তল্লাশি চালিয়ে চোরাকারবারীদের কাছ থেকে ছয় হাজার ভারতীয় ডিম উদ্ধার করার ঘটনায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী ২৪ ডাউন রকেট ট্রেনে বিডিআর তল্লাশি চালায়। এ সময় বিডিআর কয়েকজন মহিলার কাছ থেকে অবৈধভাবে আনা ভারতীয় ডিম উদ্ধার করে। চোরাকারবারীরা জোটবদ্ধ হয়ে বিডিআরকে ডিম ফেরত দিতে বলে। তারা বিডিআরের তল্লাশিতেও বাধা সৃষ্টি করে। এ খবর পেয়ে নওগাঁর ৪৩ ব্যাটালিয়ানের মেজর আফতাবের নেতৃত্বে বিডিআরের আরেকটি দল সান্তাহার রেলস্টেশনে আসে। ডিম ফেরত চেয়ে চোরাকারবারীরা বিডিআরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে এবং এক পর্যায়ে বিডিআরে গাড়িতে পাথর ছোড়ে। বিডিআর পাল্টা লাঠিচার্জ করে। বিডিআরের লাঠিচার্জে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ছলিমদ্দিন, দৈনিক ইনকিলাবের মনছুর আলী ও দৈনিক ডেসটিনির সাগর খানসহ প্রায় ৩০ জন আহত হন। আহত বাকিদের নাম জানা যায়নি। আহত ছলিমকে নওগাঁর একটি ক্লিনিকে এবং সাগর ও মনছুরকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেজর আফতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোনভাবেই যেন ভারতীয় ডিম ঢুকতে না পারে। চোরাকারবারীরা ভারতীয় ডিম নিয়ে আসছে- এ খবরের ভিত্তিতে বিডিআর সান্তাহার স্টেশনে ট্রেনে তল্লাশি চালায়।" তিনি জানান, চোরাকারবারীরা তল্লাশিতে বাধা দেওয়ার এক পর্যায়ে বিডিআরের গাড়িতে পাথর নিক্ষেপ করে। বিডিআর জওয়ানরা লাঠিচার্জ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মেজর আফতাব বলেন, "এ ঘটনায় কোন সাংবাদিক আহত হয়ে থাকলে আমরা তার জন্য দুঃখিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.