ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের পাঠ্যবই সঙ্কট কাটাতে নতুন করে আরো এক কোটি পাঠ্যবই ছাপানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), প্রকাশক ও এ সংক্রান্ত গঠিত টাস্কফোর্সের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম নাহিদ বলেন, "সঙ্কট কাটাতে মাধ্যমিক স্তরে নতুন করে আরো এক কোটি বই ছাপা হবে। এরমধ্যে শিগগিরই ৪০ লাখ ছাপানোর কাজ শুরু হবে; বাকি ৬০ লাখ জরুরি দরপত্রের মাধ্যমে ছাপানোর ব্যবস্থা করা হবে।"
আগামীতে এ ধরনের সমস্যা রোধে এখনই কারিকুলাম ঠিক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি জাতীয় কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।
কালো তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, "বই ছাপানোর ক্ষেত্রে যারা ইতোমধ্যে কালো তালিকাভুক্ত হয়েছে তারা আর ছাপানোর সুযোগ পাবে না।"
এর আগে গত ৩ ফেব্র"য়ারি প্রকাশকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রী।
সাধারণত তিন কিস্তিতে মাধ্যমিক স্তরের বই বাজারে ছাড়া হয়। গত ৬ জানুয়ারি মাধ্যমিক স্তরের প্রথম কিস্তির বাংলা, ইংরেজি, গণিতসহ ১৪টি বই বাজারে আসার কথা ছিল। এছাড়া ১৫ জানুয়ারি দ্বিতীয় কিস্তির ৩৮টি বইও বাজারে আসার কথা। তবে সময়সীমার মধ্যে পর্যাপ্ত বই বাজারে ছাড়া হয়নি। যে কারণে শিক্ষার্থীরা চরম বই সঙ্কটে পড়েছে। অনেক বিক্রেতা বই বেশি দামে বিক্রির পাশাপাশি চড়াদামের গাইড কিনতে বাধ্য করছেন ক্রেতাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২০৩১ঘ.
bdnews24