২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুদের পিটুনিতে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

রাজধানীর উত্তরায় বন্ধুদের পিটুনিতে মারা গেছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্র মাহফুজুল রহমান নাসিম (২০)। এতে তৌহিদ নামে তার এক বন্ধুও আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর উত্তরায় বন্ধুদের পিটুনিতে মারা গেছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্র মাহফুজুল রহমান নাসিম (২০)। এতে তৌহিদ নামে তার এক বন্ধুও আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় দু'দিনের জন্য বন্ধ ঘোষণা করে। পুলিশ বলেছে, টাকা নিয়ে বিয়ার কিনে না দেওয়ায় নাসিমকে মারধর করে তার বন্ধুরা। অজ্ঞাতনামা ১০জনকে আসামি করে মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রানা (২২) নামের একজনকে আটক করেছে। নিহতের মামা ও মামলার বাদী ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার দুপুরে সেক্টর এগারোয় বিশ্ববিদ্যালয়ের সামনেই কয়েকজন ছাত্র নাসিম ও তার বন্ধু তৌহিদকে মারধর করে। আর্থিক লেনদেন নিয়ে তাকে মারধর করা হয় বলে জানতে পেরেছি।" তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় নাসিমকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ন'টা নাগাদ তিনি মারা যান। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউনিভার্সিটির কয়েকজন ছাত্র নাসিমকে বিয়ার কেনার জন্যে পাঁচ হাজার টাকা দিয়েছিল। কিন্তু নাসিম তা কিনতে পারেননি। টাকাও ফেরত দেননি। মঙ্গলবার দুপুরে তারা নাসিম ও তার বন্ধু তৌহিদকে আটক করে পিটুনি দেয়। অভিযুক্ত সন্দেহে রানা নামের একজনকে আমরা আটক করেছি।" ইদানিং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 'আশঙ্কাজনক হারে' নানাধরণের মাদক সেবন করছে বলে মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/এসকে/১৯৫২ঘ.