২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস-চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: হাসিনা

ছাত্ররাজনীতির নামে কোনভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্ররাজনীতির নামে কোনভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে পল্টন ময়দানে ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, "ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না। ছাত্র হোক আর যেই হোক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ ও চাঁদাবাজি করলে সে মুহূর্তেই তাকে গ্রেপ্তার ও সংগঠন থেকে বহিষ্কার করা হবে।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দুই দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের জের ধরে বিশ্ববিদ্যালয়টির শাখা কমিটি বিলুপ্ত করার পরদিন হাসিনা কঠোর ভাষায় বক্তব্য রাখলেন। দুপুর ১২টা ৫০ মিনিটে সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত ও পরে ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন এবং শোকপ্রস্তাব পাঠ করা হয়। শেখ হাসিনা বলেন, "আমি সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের দক্ষতা ও জনসমর্থন রয়েছে। যে দল ক্ষমতায় আসে সে দলেরই হয়ে যায় যারা, তারাই গোলযোগ বাঁধিয়ে আমাদের কাঁধে দায় চাপিয়ে দিয়ে যাবে। আমরা আর গোলমাল কাঁধে নিতে চাই না। আমাদের অনেক জনবল রয়েছে। দলে নতুন করে কারো যোগদানের দরকার নেই।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দু'দলের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, "ছাত্রলীগের নেতৃবৃন্দ আমার নির্দেশ মেনেছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিয়েছেন।" এ সংঘর্ষ সম্পর্কে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, "অনেক জাতীয় দৈনিক বিগত চারদলীয় জোট সরকারকে এক বছর সময় দিয়েছিল। আর আমাদের এক মাসও সময় দিতে পারল না? তাহলে ওই সময় যারা যা দখল করেছে, সেগুলো ফেরত দেওয়ার দায়িত্ব পত্রিকাগুলোই নিক। আমাদের সঙ্গে এত বৈষম্য কেন? এটা যে বুঝি না, তা নয়। আসলে 'মাইনাস থিওরি' ব্যর্থ হওয়ার অন্তর্জ্বালা আমাদের ওপর দিয়ে চাপাচ্ছে। যে যা-ই বলুক, আমরা জাতির কাছে ওয়াদা করেছি, মানুষের জন্যই কাজ করব।" বিগত চারদলীয় জোট সরকারের সময় সৃষ্ট জঙ্গিবাদ, চাঁদাবাজ ও সন্ত্রাস উত্তরাধিকার সূত্রে মহাজোট সরকার পেয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকার এ সন্ত্রাসী, চাঁদাবাজ ও জঙ্গিবাজদের নির্মূল করতে চেয়েছিল। কিন্তু যখনই তাদের মাথায় 'মাইনাস থিওরি' ঢুকে গেল তখনই তারা ব্যর্থ হল।" ভোটার তালিকা ছাড়া এ সরকারের কোন অর্জন নেই বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, "স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, সবাইকে আইন মেনে চলতে হবে।" তিনি বলেন, "বিগত দু'বছর জরুরি অবস্থা ছিল। মানুষ কথা বলতে পারেনি। গত ২৯ ডিসেম্বর ভোটের মাধ্যমে জাতি জানিয়ে দিয়েছে, তারা কি চায়। মানুষ এখন মন খুলে কথা বলতে পারছে।" বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এখনই চাইলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব নয়। আমাদেরকে কিছু সময় দিতে হবে।" শেখ হাসিনা সভাস্থলে পৌঁছানোর আগে বেলা ১২টার দিকে বসার জায়গা নিয়ে ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখা ও ঢাকা কলেজ শাখার সদস্যদের মধ্যে বিবাদ হয়। এ সময় দুই পক্ষই একে অন্যের দিকে প্লাস্টিকের চেয়ার ছোড়ে। তখন মঞ্চের সামনের সারিতে বসা মন্ত্রী, দলের জ্যেষ্ঠ নেতা, সাংসদ এবং ছাত্রলীগের সাবেক নেতারা উঠে দাঁড়ান। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ মির্জ্জা আজম, ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন তাদেরকে শান্ত করে চেয়ারে বসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এজে/জিএনএ/১৬১৫ ঘ.