ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের অনেকেই দলীয় পদ ছেড়ে শপথ নেওয়ার বিপক্ষে মত দিলেও দলীয় পদ ছেড়েই তাদের শপথ নিতে হচ্ছে।
উপজেলা পরিষদ অধ্যাদেশ অনুযায়ী ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথের বিধান থাকায় ১২ মার্চের মধ্যে শেষ করতে হবে নির্বাচিতদের শপথ প্রক্রিয়া।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যমান উপজেলা অধ্যাদেশ সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচিত দলীয় পদাধিকারীদের শপথের আগেই পদত্যাগ করতে হবে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।"
বিদ্যমান উপজেলা পরিষদ অধ্যাদেশ তুলে ধরে তিনি বলেন, "গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথের বিধান রয়েছে এবং সে অনুযায়ী আগামী ১২ মার্চের মধ্যে নির্বাচিতদের শপথ অনুষ্ঠান শেষ করতে হবে।"
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও একই তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা কানিজ নাহিদা বলেন, অধ্যাদেশ অনুযায়ী ২২ ফেব্র"য়ারি সিলেট বিভাগ এবং তারপর ২৩ ফেব্র"য়ারি ঢাকা বিভাগের উপজেলাগুলোর নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে।"
ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বিভাগীয় কমিশনাররা উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করাবেন।"
দলীয় পদ ছাড়ার বিষয়টিও অবহিত করেন তিনি।
গত ১০ ফেব্র"য়ারি ৪৪৭টি উপজেলার নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করার ব্যবস্থা নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন।
গত বছরের ৪ আগস্ট অনুষ্ঠিত সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে বিজয়ীদের দলীয় পদ ছেড়েই শপথ নিতে হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১৫৪ঘ.
bdnews24