ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন পার্বত্য শান্তি চূক্তি বাস্তবায়ন এবং পার্বত্য এলাকায় খাদ্যাভাব দূর করার জন্য সেনাবাহিনীর পরিবর্তে সাধারণ ডিলারদের মাধ্যমে রেশনিং ব্যবস্থা পরিচালনা করার পরামর্শ দিয়েছে।
কমিশনের কো-চেয়ারম্যান লর্ড এরিক অ্যাভেবারি একটি প্রতিনিধি দল নিয়ে সোমবার খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাত করার পর সাংবাদিকদের একথা জানান।
প্রতিনিধি দলে আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা ও ব্যারিস্টার সারাহ হোসেন।
লর্ড এরিক জানান, মন্ত্রীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন, জেনেভায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত বৈঠকের আলোচনার ফলাফল ও পার্বত্য চট্টগ্রাম এলাকার খাদ্য সঙ্কট নিরসনের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।
পার্বত্য এলাকার সাধারণ মানুষ চরম খাদ্যাভাবের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য সঙ্কট নিরসনের জন্য রেশনিং ব্যবস্থা চালু থাকলেও সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হওয়ায় অনেকে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সাধারণ ডিলারের মাধ্যমে রেশনিং চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
লর্ড এরিক পার্বত্য এলাকার বিরাজমান অবস্থাকে 'শান্তিচুক্তি -পূর্ব যুদ্ধাবস্থা'র সঙ্গে তুলনা করে বলেন, "সেনাবাহিনীর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়ায় সেখানে এখনো অনেকটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। এজন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের কাজে লাগাতে হবে। এতে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।"
পরে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক। কারণ আওয়ামী লীগ সরকারের সময়ই ১৯৯৬ সালে শান্তি চুক্তি সই হয়েছিল। বিগত জোট সরকারের সময় চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত করে রাখা হয়।
তিনি জানান, শান্তিচুক্তি বাস্তবায়ন উদ্যোগের অংশ হিসেবে দ্রুত পার্বত্য ভূমি কমিশন গঠনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২১২২ঘ.
bdnews24