কুমিল্লা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বাড়াইমুড়া গ্রামে মো. ইউনুস (১৮) নামে এক মাদকাসক্ত যুবক নিজের ছোট দুই বোনকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ইউনুস ও তার সহযোগী সফিউল্লাহকে গ্রেপ্তার করেছে।
সহকারী পুলিশ সুপার শওকতুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার ভোরে ইউনুস প্রথমে ছোটবোন তুহিনাকে (১১) ছুরি দিয়ে গলা কেটে এবং পরে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে।"
তিনি জানান, শনিবার সকালে ইউনুস ও তার বন্ধু সফিউল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ইউনুসের চাচা সূর্যপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু মুছা ভূঁইয়া তাদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য তুহিনা ও শারমিনের লাশ দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আবু মুছা ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়াইমুড়া গ্রামের প্রয়াত মোজাম্মেল হোসেনের ছেলে ইউনুস পেশায় রাজমিস্ত্রী। বেশ কিছুদিন ধরে সে মাদকসাক্ত। মা নানার বাড়িতে থাকায় তার সঙ্গে ইউনুস ও ছোট দুই বোনের কোনো যোগাযোগ নেই।
বড় দু'বোনের একজনের বিয়ে হয়েছে। আরেকজন চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। ইউনুসের সঙ্গে থাকতো ছোট দুই বোন তুহিনা ও শারমিন। তুহিনা স্থানীয় সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ এবং শারমিন আক্তার দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
অভাব অনটনের কারণে ইউনুস প্রায়ই ছোট বোনদের মারধর করত, ঠিকমত খেতে দিতে পারতনা।
গত বুধবার বড় বোন লাইলী আক্তার বাড়ি এলে তুহিনা ও শারমিন ইউনুসের বিরুদ্ধে নালিশ করলে লাইলী ইউনুসকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস এ নৃশংস ঘটনা ঘটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24