ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় যে ভাসি....' রবীন্দ্রনাথের গানটির মতোই কাছে দূরে, জলে স্থলে চিরচেনা সেই ভালোবাসার বাঁশি বেজে উঠেছে আজ।
প্রাণের মানুষকে সাথী করে সারাবিশ্বের মতো বাংলাদেশের মানুষও শনিবার ভাসছে, উদযাপন করছে বিশ্ব ভালবাসা দিবস-ভ্যালেন্টাইন'স ডে।
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলা একাডেমী বইমেলা, চারু কলার বকুলতলা, সোহরাওয়ার্দি উদ্যান, রমনা পার্ক সব জায়গায় ভালোবাসার জলতরঙ্গ। গোলাপ, রজনীগন্ধা, জুঁই, গাঁদাসহ রকমারি ফুল বিনিময় আর ছোড়াছুড়ি করছে সবাই। এবং ছড়াছড়ি তো বটেই।
দিনটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে অন্যরঙে। আগের দিন পয়লা ফাল্গুন থাকায় উৎসবটা একটু বেশিই। টিএসসিতে দু'দিনব্যাপী বসন্ত উৎসবের সমাপনী উৎসব শেষ পর্যন্ত ভালবাসা দিবসের অনুষ্ঠানে রূপ নেয়। সারাদিনই বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকালে ভালোবাসা দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ক্যাম্পাস বেরুবে শোভাযাত্রা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক দল রম্য বির্তক, আবৃতি, গানসহ বিভিন্ন অনুষ্ঠান করছে। টিএসসিতে দুপুরে থেকে দলছুট ও দুরবীন ব্যান্ডের কনসার্ট।
বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর, স্বোপার্জিত স্বাধীনতা চত্বরসহ বিভিন্ন স্থানে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে দিনজুড়ে।
রাজধানীর রবীন্দ্র সরোবর, ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তন, কনকর্ড কমিউনিকেশন কোম্পানি লিমিটেড উদ্যোগে ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার ওয়ার্ল্ডে ভ্যালেন্টাইন'স ডে কনসার্টসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
ভালোবাসা দিবস উদযাপনে বিভিন্ন হোটেল-রেস্তোঁরায় রয়েছে বিশেষ খাবার ও গিফটের আয়োজন।
ভালোবাসা দিবসে ভিন্ন আয়োজন আছে হোটেল সোনারগাঁও এ। হোটেলের টেরাকোটার সামনে বসানো হয়েছে বিশেষ ভ্যালেন্টাইন ডেকোরেশন যুগলদের জন্য রাজকীয় চেয়ার। আছে বিশেষ খাবার। শেরাটন হোটেলে বিশেষ নৈশভোজ এবং রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে রয়েছে যুগলদের জন্য ক্যান্ডেল লাইট ডিনার।
গুলশানে হোটেল সারিনায় ভালোবাসা দিবস উপলক্ষে রয়েছে জমকালো ফ্যাশন শো ও ইতালীয় খাদ্য উৎসব। প্রর্দশিত হবে ভ্যালেন্টাইনস মোটিফে করা নান ডিজাইনের নানা পোষাক।
বয়ষ্করা শুধু নয়, শিশুদেরও ভালোবাসা দিবসের আনন্দের অংশীদার হতে দেখা গেছে বই মেলায়, টিএসসি চত্বরে। তাদের হাতে লাল গোলাপের স্টিক।
ভ্যালেন্টাইন'স ডে অথবা ভালোবাসা দিবসের পটভূমিটা একটু ভিন্ন রকমের। ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এই উৎসবের শুরু।
দিনটির উৎপত্তি যেভাবেই হোক না কেন দিনটি এখন ভালবাসার প্রতীকী দিবসে পরিণত হয়েছে। সেভাবেই দিনটির জন্য অনেকে অপেক্ষা করে, বিশেষত তরুণ-তরুণীরা। যে যেভাবে পারেন সেই ভাবেই প্রিয় মানুষটিকে ভালবাসার কথা জানিয়েছেন। প্রযুক্তির যুগে মোবাইল ও ই-মেইলেও চলছে শুভেচ্ছা বিনিময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেএফ/১৪০০ ঘ.
bdnews24