২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড: হাসিনার ঘোষণাকে মার্কিন দূতের স্বাগত

তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের তদন্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের তদন্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তিনি বৃহস্পতিবার বলেন, বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ২০০৮ সালের ফ্রিডম ডিফেন্ডার পুরস্কার দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন 'অধিকার' এর কার্যালয়ে যাওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মরিয়ার্টি বলেন, "জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের তদন্ত করা অবশ্য প্রয়োজন বলে আমার মনে হয়।" "আর প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি তোলায় আমি খুশি হয়েছি", বললেন মার্কিন দূত। মার্কিন সরকার ফ্রিডম ডিফেন্ডার পুরস্কারের জন্য রানার আপ হিসেবে অধিকারকে মনোনীত করেছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার রক্ষায় অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার অধিকতর ভালো কাজ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, তার সরকার তত্ত্বাবধায়ক সরকারের আমলের সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করবে। তথাকথিত ক্রস ফায়ারের প্রায় সব ঘটনার তদন্ত করেছে অধিকার নামের এই সংগঠনটি। এটি বলেছে, ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দু'বছরের শাসনামলে ক্রস ফায়ারের নামে ৩২২ ব্যক্তিকে বিচার বহির্ভূতভাবে 'হত্যা' করা হয়। মরিয়ার্টি বলেন, "জনগণকে রক্ষার মৌলিক অঙ্গীকার অবশ্যই সব সরকারেরই করা উচিত। আর তা না করার জন্য সব সরকারকেই দায়ী করার মৌলিক অধিকার নাগরিকদের রয়েছে। এ কারণেই অধিকারের মতো সংগঠনগুলো এত গুরুত্বপূর্ণ।" যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মানবাধিকার রিপোর্ট তৈরিতে অধিকার ব্যাপক ভূমিকা রেখে থাকে। বাংলাদেশকে নিয়ে দফতরের ২০০৭ সালের মানবাধিকার রিপোর্টের বিষয়বস্তু মূলত অধিকারের কাছ থেকেই নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২১১৩ঘ.