২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধিত প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর কথা ভাবছে সরকার

সরকার নিবন্ধিত প্রাথমিক ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর কাজ শুরু করেছে। তবে এসব বিদ্যালয় সরকারিকরণের কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নিবন্ধিত প্রাথমিক ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর কাজ শুরু করেছে। তবে এসব বিদ্যালয় সরকারিকরণের কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁর সাংসদ সাধন চন্দ্র মজুমদার এবং কুড়িগ্রামের সাংসদ জাকির হোসেনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ কথা জানান। তিনি বলেন, "নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোন পরিকল্পনা আপাতত নেই। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন যাতে বৃদ্ধি পায়, সেজন্যও কাজ শুরু হয়েছে।" দেশে বর্তমানে ১৯ হাজারেরও বেশি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অন্য দুই সাংসদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "দেশে আরো পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, স্থান ও কাজ শুরুর তারিখ নির্ধারণ করার বিষয়টি বিবেচনায় আছে।" সাধনচন্দ্র মজুমদারের আরেক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম নাহিদ বলেন, "মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী করে তোলার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের অধীনে এরই মধ্যে দাখিল স্তরের কারিকুলাম সংশোধনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।" আওয়ামী লীগের সাংসদ কে এম খালিদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রত্যেক উপজেলায় একটি করে মডেল স্কুল স্থাপনের কাজ শুরু করেছে সরকার। তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার কোন সুযোগ আপতত নেই। তবে আগামী বাজেটে অর্থ বরাদ্দ সাপেক্ষে এমপিওভুক্ত করার কাজ শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার যে নীতিমালা রয়েছে, তা প্রয়োজন মতো সংশোধন করা হবে বলেও শিক্ষামন্ত্রী জানান। ঢাকার সাংসদ মো. আসলামুল হক ও রাজশাহীর সাংসদ শাহরিয়ার আলমের পৃথক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, "বিগত সময়ে যেসবস্কুল-কলেজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বড় বড় দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।" ঢাকার আরেক সাংসদ সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন," জোট সরকারের আমলে যেসব শিক্ষক-কর্মচারীদের অন্যায় ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের আগের অবস্থানে (স্ব-পদে) ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসআইটি/এএল/টিআর/এইচএ/২১০৭ঘ.