ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। শুক্রবার থেকে পালিত হচ্ছে শোক। অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা।
এদিকে পিলখানার রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হওয়ার পর রাজধানীতে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। পিলখানার সদর দপ্তরের সামনের সড়ক শুক্রবার থেকে যান চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। জনজীবনও স্বাভাবিক হয়ে এসেছে।
শনিবার বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, সচিবালয়সহ সরকারি, আধা সরকারি,স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে এবং বিদেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
বুধবার পিলখানার বিডিআর সদর দপ্তরে জওয়ানদের বিদ্রোহে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ সেনা কর্মকর্তা নিহত হন।
বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে কর্মসূচি পালন করছে। বিএনপি রাষ্ট্রীয় শোক দিবসের সঙ্গে তিনদিনের দলীয় কর্মসূচি হাতে নিয়েছে।
আওয়ামী লীগও দলীয়ভাবে শোক কর্মসূচি পালন করছে। শুক্রবার বাদ আছর বঙ্গবন্ধু এভিন্যুস্থ যুবলীগের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকারমসহ ঢাকা সেনা নিবাসের সব মসজিদে জুমার নামাজের পর নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এমএইচসি/জিএনএ/১৪০৭ ঘ.
bdnews24