ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)-- বিডিআর বিদ্রোহের ঘটনায় উদ্ধারকৃত যে সমস্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেগুলোর শনাক্ত করা হবে।
শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক পিলখানায় গণকবর ও উদ্ধারকৃত লাশ দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিএনএ পরীক্ষার জন্য মরদেহগুলো থেকে প্রয়োজনীয় নমুনা (টিস্যু) সংগ্রহ করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "যে সব সেনা কর্মকর্তার লাশ অজ্ঞাত হিসেবে রয়েছে তাদের পরিচয় উদ্ধারের জন্য ডিএনএ টেস্ট করা হবে। আর উদ্ধারকৃত যাদের পরিচয় পাওয়া গিয়েছে ময়না তদন্ত শেষে যত দ্রুত সম্ভব তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
বুধ ও বৃহস্পতিবার বিডিআর জওয়ানদের হাতে নিহত সেনা কর্মকর্তাদের লাশ গণকবরে মাটি চাপা দেওয়া অবস্থায় ও স্যুয়ারেজ লাইনসহ পিলখানার ভেতরে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। শুক্র ও শনিবার উদ্ধার করা অনেক লাশ বিকৃত হয়ে যাওয়ায় তা শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী আরও জানান, বিদ্রোহী বিডিআরদের নির্যাতনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বিনা পয়সায় উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রী পিলখানার ভেতরে সন্ধান পাওয়া গণকবর গুলো দেখেন। তিনি সর্বশেষ পরিস্থিতি জানার জন্য উপস্থিত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/এসকে/২২২৮ঘ.
bdnews24