ঢাকা, ফব্রেুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) -- বিডিআর জওয়ানদের বিদ্রোহের ঘটনায় এখনও ৭২ সেনা কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।
সেনা সদরে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে সেনা বাহিনীর সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেইন এ তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় মহিলাসহ ৬৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৭ জনের পরিচয় জানা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে বলে তিনি জানান।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমরা সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।" শুধু মাত্র আদেশের অপেক্ষায় ছিলাম বলে উল্লেখ করে তিনি বলেন, "যদি সরকার আমাদের আদেশ দিতো তাহলে আমরা সামরিক অভিযান চালাতাম। কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছিলেন।"
রাজনৈতিকভাবেই সমস্যার সমাধান করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, অবশ্য এর মধ্যে অনেককে জীবন দিতে হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেইন বলেন, "আনুমানিক সকাল ১০টা সাড়ে ১০টার দিকে আমাদের কাছে তথ্য আসতে শুরু করে। তখনও এ তথ্যগুলো আমাদের কাছে পরিস্কার ছিল না। বিভিন্ন স্থান থেকে আমরা বিক্ষিপ্তভাবে তথ্য পাচ্ছিলাম। পরিস্কার চিত্র পাওয়া আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল।"
গোয়েন্দা ব্যর্থতা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি সামরিক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বলছি যে আমরা অন্য কোন বাহিনীর পক্ষে কাজ করি না। আমার মনে হয় তদন্ত করলে ব্যর্থতার আসল ব্যাপারটা উদঘাটিত হবে।"
মাহমুদ হোসেইন বলেন, "এ রকম হত্যাকাণ্ড মনে হয় আমাদের দেশের ইতিহাসে কখনই ঘটেনি। আমি বিশ্বাস করি যে এ রকম হত্যাকাণ্ডের পর চাপা ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক। তবে আমার বিশ্বাস সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। আমরা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি।"
সেনাবাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে চাপা ক্ষোভ থাকলেও তা প্রকাশ করছে না বলে উল্লেখ করে তিনি বলেন, যদি সুষ্ঠু তদন্ত হয়, যারা দোষী, যারা এর ইন্ধনদাতা তাদের দৃষ্টান্তমুলক শান্তি দেওয়া হয় তাহলে কর্মকর্তা ও জওয়ানদের চাপা ক্ষোভ অবশ্যই প্রশমিত হবে।"
মাহমুদ হোসেইন বলেন, "সরকার তদন্ত কমিটি গঠন করেছে। সেনাবাহিনীও নিজস্ব তদন্ত কমিটি তৈরি করেছে। এ দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই আমার মনে হয় দোষী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে।"
গোয়েন্দা কর্র্মকর্তা আরো বলেন, "আমার বিশ্বাস বিডিআর সদস্যদের সবাই ঘটনার সঙ্গে জড়িত ছিল না। কিছু সংখ্যক লোক জড়িত ছিল। আমার ধারণা এদের সংখ্যা হয়ত খুব বেশি হবে না।"
তিনি বলেন, "আমাদের দাবি জরুরি ভিত্তিতে, খুব তাড়াতাড়ি যেন তাদের বিচার করা হয়। সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় দোষীদের।"
সংবাদ সম্মেলনে বিডিআর সদর দপ্তর থেকে জীবিত উদ্ধার হওয়া লেফটেন্যান্ট কর্নেল আবদুল সালাম এবং মেজর ইশতিয়াক আহমেদ খান তাদের সেদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অভিজ্ঞতার বর্ণনার এক পর্যায়ে মেজর ইশতিয়াক আহমেদ বলেন, "ওদের মধ্যে কোনও নেতৃত্ব ছিল না। একদল এসে বলতো মেরে ফেলবো। আরেক দল এসে তাদের থামাতো।"
বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/টিআর/এসকে/০০৩৬ ঘ.
bdnews24