২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে নতুন আইন করে বিচার হবে : সৈয়দ আশরাফ

প্রধানমন্ত্রীর ঘোষণার পুনরুক্তি করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পিলখানায় বিডিআর সদরদপ্তরে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রীর ঘোষণার পুনরুক্তি করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পিলখানায় বিডিআর সদরদপ্তরে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্বপালনকারী সৈয়দ আশরাফ শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলেছেন, প্রয়োজনে নতুন আইন তৈরি করে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। সৈয়দ আশরাফ বলেন, "এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। যেন এ ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের চিহ্নিত করে আদালতে সোপর্দ করা হবে। এ জন্য বিডিআরের নিজের কোন আইন না থাকলে প্রয়োজনে নতুন করে আইন তৈরি করে বিচারকাজ করা হবে।" ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে বিদ্রোহ ও হত্যাযজ্ঞের পর এটাই সরকারের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্বেমলন। এছাড়া রোববার থেকে সরকারের পক্ষ থেকে প্রতিদিনই সংবাদ সম্মেলন করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে বলেও তিনি জানান। বিডিআর বিদ্রোহের ঘটনায় তাদের কাছে এখন পর্যন্ত সঠিক কোন তথ্য নেই জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "আমাদের কাছে সঠিক তথ্য আসছে না। অনেক তথ্যপ্রমাণ ধংস করা হয়েছে। বিডিআর সদরদপ্তরে কতজন ছিলো, প্যারেডের জন্য কতজন এসেছিলেন, দরবারে কতজন ছিলেন এবং বিডিআর সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে কতজন এসেছিলেন তা আমাদের জানা নেই।" তিনি বলেন, "সরকার এই তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এই মুহূর্তে কতগুলো লাশ উদ্ধার করা হয়েছে তাও আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কারণ প্রতিদিনই নতুন নতুন কবর বের হচ্ছে। তথ্যের সূত্র সঠিক না হওয়া পর্যন্ত তা দেওয়া হবে না।" সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনাকে 'দূর্ভাগ্যজনক' উল্লেখ করে আশরাফ বলেন, " এই ধরণের ঘটনা ঘটবে জাতি তা আশা করেনি। এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ও ব্যথিত।" ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "যারা হত্যাকাণ্ড ও লুটপাটের সঙ্গে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। দ্রুত বিচার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।" আশরাফ বলেন, "যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশের যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে আদালতে হাজির করা হবে। কেউ ছাড় পাবে না।" বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং জেল হত্যার সময়মতো বিচার হলে বিডিআরে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতো না মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, "আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। অতীতের মতো বিচারের বাণী নীরবে-নিভৃতে আর কাঁদবে না।" বিদ্রোহ চলাকালে শেখ হাসিনার সাধারণ ক্ষমা ঘোষণার বিষয় উল্লেখ করে আশরাফ বলেন, "যারা হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন না তাদের জন্যই এ সাধারণ ক্ষমা।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল ইসলাম এবং প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন। সংবাদ সম্মেলনে বক্তব্য শেষ হওয়ার পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের কোনো প্রশ্নের কোন জবাব না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এএনএস/এসকে/২০২৫ঘ.