মৌলভীবাজার, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে সোমবার রাতে সংঘবদ্ধ কাঠ পাচারকারী চক্রের সদস্যদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম আহত হয়েছেন।
আহত ইউএনওকে রাতে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হামলাকারীরা ইউএনও'র গাড়ি ভাঙচুর করে। এতে তার গাড়ি চালক সেলিম মিয়াও আহত হন।
এ ঘটনায় জড়িত সন্দেহে খালেক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার সুলতানপুর গ্রামে।
কুলাউড়া হাসপাতালে ইউএনও জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার রাত ২ টার দিকে সিলেট বিডিআর এর মেজর আজিজ টেলিফোনে রবিরবাজার থেকে কাঠ পাচার হচ্ছে বলে তাকে অবহিত করেন।
অভিযান পরিচালনার জন্য মেজর আজিজ সহযোগিতা চাইলে তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি নিয়ে রবিরবাজারে ছুটে যান। পূর্ব রবিরবাজারে পৌঁছার পর মানুষের জটলা দেখে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কাঠ পাচারকারী চক্রের সদস্যরা অতর্কিতে তার উপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। কাঠ পাচারকারীদের হামলায় গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় তার গাড়ি চালক সেলিমও আহত হন। পাচারকারীরা তার গাড়ি (সাতক্ষীরা- ০১) ভাঙচুর করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, আহত ইউএনও মোবাইল ফোনে বিষয়টি তাকে অবহিত করলে দ্রুত টহল পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ইউএনও ও গাড়ি চালককে উদ্বার করে কুলাউড়া হাসপাতালে পাঠান।
তিনি জানান, ইউএনও'র অবস্থা আশংকাজনক হওয়ায় মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গাড়ি চালক সেলিম মিয়া কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামলাকারীদের ধরতে ৪/৫টি গ্রামে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান ।
তত্ত্বাবধায়ক সরকারের সময় রবিরবাজার থেকে টাস্কফোর্স দু'দফা অভিযান চালিয়ে দু''কোটি টাকারও বেশি মূল্যের কাঠ আটক করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24