২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার আইন অনুযায়ীই খালেদা জিয়ার নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, সরকার প্রচলিত আইন অনুযায়ীই বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে তার নিরাপত্তার জন্য আরো ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, সরকার প্রচলিত আইন অনুযায়ীই বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে তার নিরাপত্তার জন্য আরো ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত এক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সোহেল তাজ একথা বলেন। সভার বিষয়বস্তু সম্পর্কে সোহেল তাজ বলেন, ২১ ফেব্র"য়ারি উদযাপনসহ সার্বিক আই্ন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য বসা হয়েছিল। সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন," সবকিছুই ঠিকভাবে চলছে। তবে আমরা চেষ্টা করছি আরো ভাল কিছু করার জন্য।" খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানো না হলে বিএনপির পক্ষ থেকে আন্দোলনের হুমকি প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, "আমরা বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তার সকল ব্যবস্থাই নিয়েছি। তিনি প্রচলিত আইন অনুযায়ী সব ধরণের নিরাপত্তা পাচ্ছেন।" তবে সোহেল তাজ বলেন, তারা এসএসএফ দিতে পারবেন না। যুক্তি হিসেবে তিনি বলেন, এসএসএফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়। প্রয়োজনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিগত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগে দুই শীর্ষ নেত্রীকে তিনমাসের জন্য এসএসএফ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে। সেই মেয়াদ শেষ হলে খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রত্যাহার করে বিদ্যমান বিধি অনুযায়ী মন্ত্রীপর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট কিনা, এ প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কখনোই সন্তোষ প্রকাশ করা যাবে না। তবে আমাদের কাজ করে যেতে হবে, যাতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, সকলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।" কোনো হামলার আশঙ্কা আছে কিনা এ প্রশ্নের জবাবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান মন্ত্রী। রাজধানীতে গত ৩ ফেব্র"য়ারি থেকে পাঁচদিনের জন্য শুরু হওয়া বিশেষ অভিযানের সাফল্য জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অভিযান এখনো চলছে, তাই সাফল্য-ব্যর্থতা মূল্যায়নের সময় এখনো আসেনি। স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়ের সচিব আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭০৪ঘ.