ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ডাকাতরা রাজধানীর যাত্রাবাড়ির বাটারফ্লাই মার্কেটিং কোম্পানির শো-রুম থেকে শুক্রবার বিকেলে নগদ টাকাসহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের গুলিতে আহত হন শোরুমের ব্যবস্থাপক রায়হান উদ্দীন।
এ ব্যাপারে শো-রুমের পক্ষ থেকে যাত্রাবাড়ি থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, শো-রুমের কর্মচারিরা জানিয়েছেন যে, শুক্রবার বিকেল ৩ টার দিকে চার যুবক ক্রেতাবেশে শো-রুমে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এরপর তাদের বাথরুমে ঢুকিয়ে আটকে রাখে। তারা একটি ৩২ ইঞ্চি টিভি, এক মহিলা কর্মচারির স্বর্ণের চেইন-আংটি ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে।
তিনি জানান, কর্মচারিরা পুলিশকে আরও জানান যে, বাথরুমে আটকে রাখায় তারা কিছু করতে পারেননি। এমন কি, চিৎকারও করতে পারেনি। ডাকাতিতে বাধা দিতে এগিয়ে গেলে ডাকাতরা শো-রুমের ব্যবস্থাপক রায়হান উদ্দীনকে লক্ষ্য করে দুরাউন্ড গুলি চালায়। এতে তিনি আহত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
রায়হান উদ্দীন জানিয়েছেন, ডাকাতরা ক্যাশ থেকে নগদ ২০ হাজার টাকা ও প্রায় দু'লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
তবে ডাকাতরা একটি ৩২ ইঞ্চি টিভি কিভাবে ঘাড়ে করে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে গেলো, সে ব্যাপারে বিষ্ময় প্রকাশ করেছেন পুলিশের অনেকেই। তবে এমনই তথ্য দিয়েছেন শো-রুমের কর্মচারীরা।
শো-রুমের কর্মচারিরা জানান, ডাকাতরা তাদের তিনটি মোবাইল ফোন সেটও ডাকাতি করে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/০০২০ঘ.
bdnews24