চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর ঐতিহ্যবাহী ডিসি হিলে শনিবার থেকে শুরু হচ্ছে পনের দিনব্যাপী একুশে মেলা।
নৌ পরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমিন এ মেলার উদ্বোধন করবেন।
একুশে মেলা পরিষদ আয়োজিত এ মেলায় বই ও অন্যান্য সামগ্রীর ৪০টি স্টল থাকবে। এছাড়াও ডিসি হিল প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোক উৎসব, রবীন্দ্র নজরুল উৎসব, ছড়া ও কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একুশে মেলা পরিষদের চেয়ারম্যান আব্দুুচ ছালাম লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
তিনি জানান, মেলা উপলক্ষে ভাষা সৈনিকদের সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম ও ঢাকার বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও শিল্পীরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তি শিল্পী হাসান আরিফ, লায়লা আফরোজ, আহকাম উল্লাহ ও বিলকিস রহমান।
সাংবাদিক সম্মেলনে একুশে মেলা পরিষদের মহাসচিব সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, সদস্য মফিজুর রহমান ও অরুণ বণিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24