বাগেরহাট ৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নিজের পঁচাশিতম জন্মদিনে বৃহস্পতিবার বাংলাদেশের নাগরিকত্বের সনদ হিসাবে এদেশের পাসপোর্ট বুঝে পেলেন বাগেরহাটের মংলাস্থ সেন্ট পলস চার্চের ফাদার মারিনো রিগন।
জেলা প্রশাসকের দপ্তরে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক অপরূপ চৌধুরী আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পাসপোর্ট তুলে দেন।
ফাদার মারিনো রিগন ১৯৫৩ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) আসেন। তখন থেকেই তিনি মানুষের সেবায় এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় তার জীবন উৎসর্গ করেন।
মানব সেবা, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান এবং বাংলার শিল্প সংস্কৃতিকে ইউরোপে বিশেষ সম্মানের সঙ্গে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ গত নভেম্বরে বাংলাদেশ সরকার ফাদার রিগনকে নাগরিকত্ব প্রদান করে। রবীন্দ্রনাথ ও লালনের জীবন দর্শনে উদ্দীপ্ত এ যাজক বর্তমানে মংলার শেলাবুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।
সংবর্ধনার জবাবে ফাদার রিগন বলেন, বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে আমাকে সরকার যে সম্মান দেখিয়েছে তাতে আমি গর্বিত।
বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের অসংখ্য মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে মন্তব্য করে তিনি বলেন, এই অবহেলিত মানুষগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এরা আমাকে গভীর প্রেম ও ভালবাসা দিয়েছে।
ফাদার রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিসের ভিল্লাভের্লা গ্রামে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে মংলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফাদার রিগন ফাউণ্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী 'রিগন মেলা'।
বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, সাংবাদিক ও রিগনের সহকর্মী, বন্ধুবান্ধবরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০০০০ঘ.
bdnews24