২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার পঞ্চম দিনে দীর্ঘ লাইন, বিক্রিও বেশি

প্রথম চারদিনের তুলনায় একুশে বইমেলার পঞ্চমদিন বৃহস্পতিবার দর্শনার্থীরা ভিড় একটু বেশিই ছিল। এদিন বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হয় বইমেলায় আগতদের গত চারদিন যা হয়নি। মেলার ভেতরে বিভিন্ন স্টলের সামনেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রথম চারদিনের তুলনায় একুশে বইমেলার পঞ্চমদিন বৃহস্পতিবার দর্শনার্থীরা ভিড় একটু বেশিই ছিল। এদিন বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হয় বইমেলায় আগতদের গত চারদিন যা হয়নি। মেলার ভেতরে বিভিন্ন স্টলের সামনেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানিয়েছেন, গত চারদিনের তুলনায় এদিন বইয়ের বিক্রিও ছিল বেশি। আগামী সপ্তাহ থেকে মেলা আরো জমজমাট হয়ে উঠবে তারা আশা করছেন। ভিড় বাড়লেও অন্যান্য দিনের তুলনায় এদিন বইমেলায় ধুলো কম থাকায় বেশ স্বচ্ছন্দেই চলাফেরা করা গেছে। বৃহস্পতিবার মেলায় ৮৮টি নতুন বই এসেছে বলে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। এর মধ্যে উপন্যাস ১৬টি, গল্পগ্রন্থ ১৫টি, কবিতার বই ১৩টি, প্রবন্ধের বই ১০টি ও ৬টি শিশুসাহিত্যসহ গবেষণা, ছাড়া, জীবনী, রচনাবলী, মুক্তিযুদ্ধ, নাটক, বিজ্ঞান, ভ্রমণ, ইতিহাস, রাজনীতি, স্বাস্থ্য, কম্পিউটার, ধর্ম, অনুবাদ ও অভিধান রয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একুশে বইমেলায় শিশুপ্রহর অনুষ্ঠিত হবে। এসময় সঙ্গে শিশু না থাকলে বড় কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। শুক্রবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৫ বছর পর্যন্ত শিশুরা বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় স্মৃতিসৌধ, নৌকা বাইচ ও বইমেলা নিয়ে ছবি আঁকবে। এদিকে নীতিমালা ভেঙে বইমেলায় অন্যের প্রকাশিত বই নিজের স্টলে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ। বৃহস্পতিবার মেলার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যেসব স্টলে অন্যদের প্রকাশিত বই বিক্রি হচ্ছে তাদের আমরা এ থেকে বিরত থাকতে বলেছি। এরপরও যদি তারা অন্যের প্রকাশিত বই বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা ঠিক করবো আমরা।" কয়েকটি লিটল ম্যাগাজিনসহ বেশ কয়েকটি স্টলে অন্যের প্রকাশিত বই বিক্রি হচ্ছে। জনপ্রিয় ইংরেজি-বাংলা অভিধানের পাশপাশি বাংলা একাডেমির স্টলে মুক্তিযুদ্ধের বই প্রচুর বিক্রি হচ্ছে বলে জানান মহাপরিচালক। তিনি আরো জানান, আগামী ২০ ফেব্র"য়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করার পর ২৬ ফেব্র"য়ারি তা দেওয়া হবে। এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস আরো ভালোভাবে সবাইকে জানাতে ব্যতিক্রমী কায়দায় চেষ্টা করছে মেলার কোনো কোনো স্টল। বৃহস্পতিবার দেখা যায়, মুক্তিযুদ্ধ প্রজন্মের স্টলে ভিডিওতে মুক্তিযুদ্ধের নাটক প্রচার করা হচ্ছে। ভিড় জমিয়ে নাটক দেখছেন অনেকে। ওই স্টলে আসা সিটি কলেজের ছাত্রী রেহনুমা বিনতে সোবহান জানালেন, মেলায় এধরণের প্রচারণা তার মনে হয়েছে এই প্রথম। এটি তাকে আকৃষ্টও করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেএফ/এসকে/২৩৩৯ঘ.