২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের দাবি প্রত্যাখ্যাত হওয়ায় বরগুনায় প্রেমিকের বাড়িতে আত্মহনন

বিয়ের দাবি প্রত্যাখ্যাত হওয়ায় প্রেমিকের বাড়ি এসে আত্মহত্যা করেছে নরসিংদীর রানী আক্তার। মঙ্গলবার বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মাজেদা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

বরগুনা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের দাবি প্রত্যাখ্যাত হওয়ায় প্রেমিকের বাড়ি এসে আত্মহত্যা করেছে নরসিংদীর রানী আক্তার। মঙ্গলবার বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মাজেদা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে। বরগুনা সদর থানার উপ-পরিদর্শক শাহ নেওয়াজ জানান, বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) কর্মরত বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামের আবু সাঈদের ছেলে মনির হোসেন (২৬) নরসিংদীতে চাকুরিকালীন রানী আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। রানী আক্তার নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাসান আলীর মেয়ে। মনিরের ফুফাত ভাইয়ের স্ত্রী মাজেদা বেগমের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, আজ (বুধবার) বরিশালের এক মেয়ের সঙ্গে মনিরের বিয়ে হওয়ার কথা। মঙ্গলবার সকালে মনির বাড়ি আসে। খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে রানী আক্তারও প্রেমিক মনিরের বাড়ি গিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দিলে বাড়ির লোকজন তাকে মারধর করে। এ সময় মনিরের মামা আবু তালেব মাস্টার পরিস্থিতি সামাল দিতে রানীকে জোড় করে তার বাড়ি নিয়ে যান। ওই বাড়িতেই রানী বিষপানে আত্মহত্যা করে। রানীকে নিয়ে রগুনা জেনারেল হাসপাতালে এলে পুলিশ মনিরের ভাবী মাজেদা বেগমকে গ্রেপ্তার করে এবং রানীর লাশ উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা শাহ নেওয়াজ বলেন, "রানীর কাছে পাওয়া মোবাইল সিমের সাহায্যে তার বোন লাকী আক্তারের সঙ্গে কথা বলে রানীর পরিচয় জানা গেছে।" এ ঘটনায় বরগুনা থানার উপ-পরিদর্শক মো. বেলায়েত হোসেন বাদী হয়ে মনির হোসেন, নাসির উদ্দিন, জাফর হোসেন, হেমায়েত উদ্দিন, ফরিদা বেগম, মাজেদা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.