২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনির কিছু অংশ দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কিছু অংশ দেবে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনে সরকারি খাসজমি খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কিছু অংশ দেবে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনে সরকারি খাসজমি খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। বড়পুকুরিয়া কয়লা খনির কিছু অংশ দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত প্ররিবারের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। সে সময় তিনি এ নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর উপ তথ্য সচিব নকিবউদ্দিন আহমেদ জানান। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি, তাদের শ্রেণী বিন্যাস এবং পুনর্বাসনের জন্য খাসজমি খুজে বের করতে প্রধানমন্ত্রী তার একান্ত সচিব নজরুল ইসলাম খানকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আর যেনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গত দশমাস ধরে এই কয়লা খনিতে প্রায় ভূমি ধসের ঘটনা ঘটছে। তারপরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড.তৈফিক এলাহী চৌধুরী, জ্বালানি প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু, সাংসদ মুস্তাফিজুর রহমান ফিজার এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/২১৫৭ঘ.