ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কারা মহাপরিদর্শক নিযুক্ত হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম মকবুল হোসেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার ওই পদে তাকে প্রেষণে নিয়োগ করা হয়।
সেনাবাহিনীর মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমীকে বিআইআইএসএস'র (বিজ) মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে এসএসএফ'র মহাপরিচালক ছিলেন তিনি।
এছাড়াও একজন যুগ্ম-সচিব ও চারজন উপ-সচিব পদে রদবদল এবং আরো এক সেনা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এ জন্য পৃথক পৃথক আদেশ জারি করেছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার যুগ্ম-সচিব আবু বকর সিদ্দিককে একই মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন ও প্রেষণ (এপিডি) শাখার যুগ্ম-সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
উপ-সচিবদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নাসির আরিফ মাহমুদকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে, বিআরটিসি'র পরিচালক আবদুর রউফকে ভূমি মন্ত্রণালয়ে এবং ঢাকা ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা খালিদ মাহমুদকে অর্থ বিভাগের উপ-সচিব হিসেবে বদলী করা হয়েছে।
এছাড়াও খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে সংযুক্ত ওএসডি উপ-সচিব ওমর ফারুককে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 'প্রোটেকশন ফর চিলড্রেন এ্যাট রিস্ক' প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২০২৪ ঘ.
bdnews24