২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠছে একুশে বইমেলা

প্রথম দিন তেমন জমজমাট না হলেও দ্বিতীয় দিনে অমর একুশে বইমেলা বেশ জমে উঠেছে। মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় আগতরা স্টলে ঘুরে ঘুরে বইও কিনেছেন। বিক্রেতারা জানিয়েছেন, শুরুর দিন রোববারের তুলনায় সোমবারের বিক্রি ছিল বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রথম দিন তেমন জমজমাট না হলেও দ্বিতীয় দিনে অমর একুশে বইমেলা বেশ জমে উঠেছে। মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় আগতরা স্টলে ঘুরে ঘুরে বইও কিনেছেন। বিক্রেতারা জানিয়েছেন, শুরুর দিন রোববারের তুলনায় সোমবারের বিক্রি ছিল বেশি। শব্দ শিল্প প্রকাশনার স্টলে একজন বিক্রেতা জানান, প্রথম দিন বিক্রি না হলেও এদিন বেশ কয়েকটি বই বিক্রি করেছেন তারা। বাংলা একাডেমীর গণ সংযোগ ও সমন্বয় উপ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ২২টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- মনসুর মুসার পূর্ব বাংলার উপন্যাস (প্রবন্ধ), মো. জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস, শওকত ওসমানের দি লাফটার অব এ স্লেভ (উপন্যাস), সাইমন জাকারিয়ার কে তাহারে চিনতে পারে (উপন্যাস), হুমায়ূন আহমেদের প্রিয় পদরেখা (গল্প), মো. হাবিববুর রহমানের টেগর ইবসেন এন্ড আদার এসেস এবং রবার্ট ডব্লিউ ফুলারের জাগো সবাইঃ গণ্য ব্যক্তি, নগন্য ব্যক্তি ও মর্যাদার রাজনীতি (অনূদিত)। বাংলা একাডেমীর স্টলে বেশ কিছু বইয়ের সঙ্কট দেখা গেছে। বিশেষ করে ইংরেজি-বাংলা অভিধান এবং নজরুল রচনাবলী। ইংরেজি-বাংলা অভিধান বাংলা একাডেমির সবচেয়ে বেশি বিক্রিত বইগুলোর একটি। কাগজ সরবরাহ না পাওয়ার জন্যই নতুন অভিধান ছাপতে সমস্যা হচ্ছে জানিয়ে মহাপরিচালক আশা প্রকাশ করেন আগামী সাত-আটদিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে। এবছর আবার স্টল দেওয়া হয়েছে বাংলা একাডেমীর সামনের রাস্তায়। এ কারণে এখনো মেলা প্রাঙ্গণে ভিড়ের চাপ কম অনুভূত হয়েছে। বাইরে স্টল দেওয়ার কারণে মেলা প্রাঙ্গণে চলাফেরা করতে অনেক সুবিধা হচ্ছে বলে মত দিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভস-এর মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এবার সেখানে স্টল দেওয়ায় বেশ কিছুটা সুবিধা হয়েছে। এতে মেলার পরিসরও অনেক বেড়েছে।" তবে মেলার ভেতরের পরিবেশ আরও একটু পরিষ্কার-পরিচ্ছন্ন হলে ভাল হতো বলে মনে করেন তিনি। বিশেষ করে পুকুর পাড়ের স্টলগুলোর সামনে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট-পাটকেল। এর ফলে চলাফেরায় অসুবিধা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেন। এ ব্যাপারে বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ সংবাদ সম্মেলনে বলেন, "পুকুর পাড়ে বাংলা একাডেমীর ভবন নির্মাণ কাজের কিছু ইট ছড়িয়ে-ছিটিয়ে আছে। কিছু আমরা পরিষ্কার করেছি। তবে পুরো পরিষ্কার করতে কয়দিন লাগবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।" ভবন নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় বালি ছড়িয়ে ছিটিয়ে থাকায় মেলায় ধুলোও একটু বেশি হচ্ছে বলে জানান তিনি। এবার মেলায় প্রবেশের মূল ফটক স্থাপন করা হয়েছে বাংলা একাডেমীর সামনের রাস্তায় আণবিক শক্তি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ভবনের সামনে । তবে বাংলা একাডেমীর উল্টোদিকে রমনা কালী মন্দিরের গেট দিয়ে কিছু লোককে মেলায় ঢুকতে দেখা গেছে। ব্যাপারটা মেলার নিরাপত্তার জন্য সমস্যা কি না জানতে চাইলে একাডেমীর মহাপরিচালক জানান, তারা পুলিশকে বলেছেন রমনা কালী মন্দিরের ফটক দিয়ে মন্দিরে যাওয়া যাবে। কিন্তু ফটক দিয়ে কেউ মেলার ভেতর প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, "দুই গেটে চারটা আর্চওয়ে বসানো হয়েছে। তবে ভিড় বাড়লে আচওয়ে আরও বাড়ানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/এইচএ/২৩০০ ঘ.